• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৮ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / বিনোদন / বিস্তারিত
বিনোদন ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৬, ০৯:২৭ সকাল

নিষেধাজ্ঞা দিয়েও পাকিস্তানি নাটকের দর্শক আটকাতে পারছে না ভারত

ছবি: সংগৃহীত

ভারতে পাকিস্তানি নাটক ও গানের ওপর নিষেধাজ্ঞা থাকলেও দেশটির দর্শকদের মধ্যে জনপ্রিয়তা কমেনি পাকিস্তানি বিনোদনমাধ্যমের। ভিপিএন ব্যবহার করে অনেকে দেখছেন পাকিস্তানি নাটক, সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা। এমনকি বিভিন্ন শহরে আয়োজন করা হচ্ছে দলবদ্ধ প্রদর্শনীও। সম্প্রতি পাকিস্তানি প্রেমের ধারাবাহিক ‘দার-এ-নিজাত’ ঘিরে ভারতীয় দর্শকদের এমন উন্মাদনা দেখা গেছে।

নয়াদিল্লিভিত্তিক সাংস্কৃতিক উদ্যোক্তা ও কিউরেটর আবু সুফিয়ান খান সম্প্রতি দিল্লিতে নাটকটির একটি ব্যক্তিগত প্রদর্শনীর আয়োজন করেন। সর্বোচ্চ ৪৫ জন দর্শক নিয়ে আয়োজনটি করার পরিকল্পনা থাকলেও এতে অংশ নিতে ৭০০ জনের বেশি মানুষ অনুরোধ জানান। দর্শকদের এমন সাড়া দেখে বিস্মিত হন তিনি।

ভারতে পাকিস্তানি নাটক ও গান আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ। তা সত্ত্বেও প্রতি সপ্তাহান্তে ইনস্টাগ্রামে জড়ো হন ভারতীয় দর্শকরা। সেখানে নাটকটির বিভিন্ন দৃশ্য আদান-প্রদান, পর্ব নিয়ে আলোচনা এবং প্রধান চরিত্র আবু বকরকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা।

অনলাইনের বাইরেও ভারতের বিভিন্ন এলাকায় দলবদ্ধভাবে নাটক দেখার আয়োজন হচ্ছে। ‘দার-এ-নিজাত’-এর গল্প জারিয়াব নামের এক তরুণী, তার শৈশবের ভালোবাসা জামিল এবং পরবর্তী সময়ে তার জীবনে আসা আবু বকরকে ঘিরে। নাটকটি নিয়ে বিভিন্ন শহরে দর্শকদের আগ্রহ বাড়ায় আয়োজকদের সঙ্গে পুলিশের টানাপোড়েনও তৈরি হয়েছে।

দক্ষিণাঞ্চলীয় শহর বেঙ্গালুরুতে আসন্ন সপ্তাহান্তে অন্তত দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। তবে প্রচারণার পোস্টার কর্তৃপক্ষের নজরে আসার পর অনুষ্ঠান দুটি বাতিল করা হয়। এরপরও নাটকটির প্রতি দর্শকদের আগ্রহ কমেনি।

ভক্তদের বিভিন্ন পেজ ও মন্তব্যে বারবার উঠে আসছে একটি বাক্য—‘সবর কা ফল নেহি, আবু বকর চাহিয়ে’। অর্থাৎ, ‘আমরা ধৈর্যের ফল চাই না, আবু বকরকে চাই।’ পরিচিত একটি উর্দু প্রবাদকে মজার ছলে বদলে তৈরি করা এই বাক্যটি পাকিস্তানি নাটকের কাল্পনিক চরিত্রটির প্রতি ভারতীয় দর্শকদের ভালোবাসার প্রকাশ হয়ে উঠেছে।

বেঙ্গালুরুর এক ভক্ত রাখশান্দা মুজিব বলেন, ‘আমরা সবাই একজন আবু বকরের অপেক্ষায় ছিলাম। সে এতটাই সহমর্মী যে আমি তাকে নিয়ে মুগ্ধতায় ডুবে আছি। আজকাল বেশির ভাগ পুরুষের মধ্যেই এই গুণটির অভাব রয়েছে।’

‘দার-এ-নিজাত’ ঘিরে এই উন্মাদনা পাকিস্তানি বিনোদনের প্রতি ভারতীয়দের বৃহত্তর আগ্রহেরই আরেকটি উদাহরণ। নয়াদিল্লি পাকিস্তানি বিনোদন কনটেন্ট নিজেদের পর্দা থেকে দূরে রাখার চেষ্টা করলেও তাতে খুব বেশি সাফল্য আসছে না।

আবু সুফিয়ান খান বলেন, ‘ভারতীয়রা ইনস্টাগ্রামে পাকিস্তানি শিল্পীদের সঙ্গে যোগাযোগ করতে পারেন না, স্পটিফাইয়ে পাকিস্তানি গান শুনতে পারেন না কিংবা ভিপিএন বা প্রক্সি ছাড়া ইউটিউবে পাকিস্তানি নাটক দেখতে পারেন না।’

তবে নিষেধাজ্ঞা সত্ত্বেও পাকিস্তানি সংস্কৃতির প্রতি আগ্রহের কারণে অনেক দর্শক বিধিনিষেধ এড়িয়ে নাটক দেখার ঝুঁকি নিচ্ছেন।

নিষেধাজ্ঞার প্রেক্ষাপট

ভারত ও পাকিস্তানের মধ্যে একাধিক যুদ্ধ এবং দীর্ঘদিনের উত্তেজনা থাকলেও কয়েক দশক ধরে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদান চলেছে। তবে বিভিন্ন সময়ে উভয় দেশই এ ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছে।

গত এক দশকে ভারতে পাকিস্তানি শিল্পীদের কাজ ও পরিবেশনার ওপর অনানুষ্ঠানিক নিষেধাজ্ঞা আরও জোরালো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারও পাকিস্তানের সঙ্গে যোগাযোগ কমিয়ে এনেছে।

২০২৫ সালের এপ্রিলে ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার পর পরিস্থিতির আরও অবনতি হয়। ভারত হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে। এরপর দুই দেশ চার দিনের তীব্র সংঘাতে জড়িয়ে পড়ে। পরে যুদ্ধবিরতিতে সম্মত হয় তারা।

এরপর মে মাসে জাতীয় নিরাপত্তার কথা উল্লেখ করে ভারতীয় কর্তৃপক্ষ বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে পাকিস্তানি গান, সিনেমা ও নাটক প্রচার বন্ধের নির্দেশ দেয়। ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মে পাকিস্তানি কনটেন্ট দেখার সুযোগও সীমিত করা হয়। সম্প্রতি নেটফ্লিক্সে পাকিস্তানের প্রথম অনুষ্ঠানটি ভারতে প্রচার না করার দাবিও জানিয়েছে দেশটি।

তবে ভারতের এ উদ্যোগ চীনের কোরীয় জনপ্রিয় সংস্কৃতির ওপর আরোপ করা নিষেধাজ্ঞার মতো কার্যকর হচ্ছে না বলে মনে করছেন বিশ্লেষকেরা। এর একটি কারণ, চীন নিজ দেশের নাগরিকদের ব্যবহৃত ডিজিটাল প্ল্যাটফর্মগুলো নিয়ন্ত্রণ করে। কিন্তু ইউটিউবের মতো বৈশ্বিক প্ল্যাটফর্মের ওপর ভারতের সরাসরি নিয়ন্ত্রণ নেই।

ভারতের তথ্যপ্রযুক্তি আইনের ৬৯এ ধারা অনুযায়ী, সরকার বিভিন্ন প্ল্যাটফর্মকে নির্দিষ্ট কনটেন্ট বন্ধের নির্দেশ দিতে পারে। এসব নির্দেশ সাধারণত গোপন রাখা হয়। নির্দেশের পর ইউটিউব ভারতে অবস্থানরত ব্যবহারকারীদের জন্য পাকিস্তানি চ্যানেলগুলো ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে বন্ধ করেছে।

তবে এ ধরনের নিষেধাজ্ঞা মূলত প্ল্যাটফর্মের ওপর কার্যকর হয়, দর্শকের ওপর নয়। ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন ব্যবহার করে দর্শক নিজের অবস্থান আড়াল করতে পারেন। এভাবে নাটক ডাউনলোড করে ভারতের ভেতরের কোনো অ্যাকাউন্ট থেকে আবার আপলোড করাও সম্ভব।

পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান টপটেনভিপিএনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৮ মে স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোকে পাকিস্তানি কনটেন্ট সরিয়ে ফেলার নির্দেশ দেওয়ার দিন ভারতে ভিপিএন অনুসন্ধানের হার ৭২ শতাংশ বেড়ে যায়। প্রতিষ্ঠানটি দুই দেশের অনলাইন কনটেন্টে বিধিনিষেধ আরোপের সঙ্গে এ বৃদ্ধির সম্পর্ক দেখিয়েছে।

দর্শকপ্রিয়তার কারণ

ভিপিএন ব্যবহার করে পাকিস্তানি নাটক দেখার প্রবণতা দেশটির টেলিভিশন চ্যানেলগুলোর জন্যও ব্যবসায়িক সুবিধা তৈরি করছে। ‘দার-এ-নিজাত’-এর সম্প্রচারকারী প্রতিষ্ঠান এআরওয়াই ডিজিটালের মূল প্রতিষ্ঠান এআরওয়াই এন্টারটেইনমেন্টের প্রধান জারজিস সেজা বলেন, পাকিস্তানি চ্যানেলগুলোর মোট দর্শনের ৩০ থেকে ৩৫ শতাংশ আসে ভারতীয় দর্শকদের কাছ থেকে।

তিনি বলেন, ‘বর্তমান যুগে আপনি কনটেন্ট দেখার সুযোগ কঠিন করে তুলতে পারেন, কিন্তু তা বন্ধ করতে পারবেন না।’

এর আগেও পাকিস্তানি নাটক ভারতে জনপ্রিয়তা পেয়েছে। ২০২২ সালের ‘তেরে বিন’ এবং ২০২৪ সালের ‘কাভি ম্যায় কাভি তুম’ ভারতীয় দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। পাকিস্তানি পরিচালক মেহরিন জব্বারও জানিয়েছেন, তাঁর ‘ডক্টর বহু’, ‘জ্যাকসন হাইটস’ ও ‘দাম’-এর মতো ধারাবাহিক নিয়ে ভারতের দর্শকরা তাঁকে বার্তা পাঠান।

ভারতীয়দের কাছে পাকিস্তানি নাটকের জনপ্রিয়তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে জারজিস সেজা বলেন, দুই দেশের সাংস্কৃতিক মিলের কারণে পাকিস্তানি নাটকে দেখানো অনেক বিষয় ভারতীয় দর্শকদের কাছেও পরিচিত মনে হয়। পাশাপাশি পাকিস্তানের বিনোদনশিল্পে নির্মাণের মানও বেড়েছে।

তিনি বলেন, ‘বছরের পর বছর ধরে আমাদের কনটেন্ট অনেক শক্তিশালী হয়েছে। এগুলো বাস্তবসম্মত, বাস্তবতার সঙ্গে যুক্ত, চিন্তার খোরাক জোগায় এবং দর্শকরা নিজেদের জীবনের সঙ্গে মেলাতে পারেন।’

আবু সুফিয়ান খানের মতে, ভারতীয় নাটক ও সিনেমায় মুসলিম চরিত্রগুলোকে অনেক সময় বাঁধাধরা ছাঁচে উপস্থাপন করা হয়। বিপরীতে, ‘দার-এ-নিজাত’-এ ইসলামকে ভয়ভীতি বা লোকদেখানো আচরণের মাধ্যমে নয়, বরং বিনয়ী ও অন্তর্ভুক্তিমূলকভাবে তুলে ধরা হয়েছে। এটিও নাটকটির জনপ্রিয়তার অন্যতম কারণ বলে মনে করেন তিনি।

সংস্কৃতির সেতুবন্ধন

যুদ্ধকালীন রাজনীতিতে সংস্কৃতি অনেক সময় অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। কারণ, সাংস্কৃতিক যোগাযোগের মাধ্যমে দুই দেশের মানুষ একে অপরকে আরও কাছ থেকে চিনতে পারেন। প্রযুক্তির বিস্তারের ফলে পুরো সমাজকে অন্য দেশের সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন রাখা সরকারের জন্য কঠিন হয়ে উঠেছে।

দিল্লির নীতিবিশ্লেষক ঐশ্বরিয়া ভার্মা বলেন, গত কয়েক বছরে বিপুলসংখ্যক ভারতীয় পাকিস্তানি টেলিভিশন অনুষ্ঠান দেখছেন, গান শুনছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমের ইনফ্লুয়েন্সারদের কনটেন্ট অনুসরণ করছেন। সংস্কৃতি উপভোগের সুযোগ বিস্তৃত হওয়ায় দুই দেশের মানুষের মধ্যে প্রচলিত ধারণা ও গৎবাঁধা চিন্তাভাবনাও ভাঙছে।

তিনি বলেন, ‘আগে সীমান্তের ওপারে থাকা আমাদের ভাই-বোনদের সম্পর্কে আমরা খুব বেশি জানতাম না। তারাও আমাদের সম্পর্কে খুব বেশি জানতেন না।’

পাকিস্তানি অভিনেত্রী ও সংগীতশিল্পী হানিয়া আমিরের গানও ভারতে জনপ্রিয়তা পেয়েছে। তাঁর সাম্প্রতিক ‘পাবলো’ গানে ভারতীয় অভিনেত্রী রাখি সাওয়ান্ত অংশ নিয়েছেন। ঐশ্বরিয়া ভার্মা বলেন, ‘আমরা সবাই তাঁর গান শুনছি। কে এমনটা ভেবেছিল?’

পাকিস্তানে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার অজয় বিসারিয়ার মতে, এ ধরনের নিষেধাজ্ঞা খুব কম ক্ষেত্রেই কার্যকর হয়। প্রযুক্তির পরিবর্তন সীমান্ত ও নিষেধাজ্ঞার কার্যকারিতা কমিয়ে দিয়েছে বলে মনে করেন তিনি।

বিসারিয়া বলেন, সরকার সংস্কৃতির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে, কারণ এটি দৃশ্যমান এবং সহজে নিয়ন্ত্রণ করা যায়। পাকিস্তানেও কয়েক দশক ধরে ভারতীয় সিনেমা নিষিদ্ধ ছিল। কিন্তু পাইরেটেড ক্যাসেটের মাধ্যমে সেখানে বলিউডের সিনেমা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।

তাঁর ভাষায়, ‘দুই দেশ চেয়েছে কি না, তা নির্বিশেষে ভারত ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে সংস্কৃতি দুই দেশকে একসূত্রে বাঁধার ক্ষেত্রে বিরাট ভূমিকা পালন করেছে।’

‘দার-এ-নিজাত’ ঘিরে ভারতীয় দর্শকদের উন্মাদনা আবারও দেখাচ্ছে, রাজনৈতিক উত্তেজনা ও সরকারি নিষেধাজ্ঞার মধ্যেও দুই দেশের মানুষের মধ্যে সাংস্কৃতিক যোগাযোগের আগ্রহ রয়ে গেছে।

সূত্র: আল-জাজিরা

স্বাধীন/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]