মৌলভীবাজার জেলার বড়লেখা জুড়ী আঞ্চলিক মহাসড়কের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের হাতলিয়া এলাকায় পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জুড়ী উপজেলার আলী হোসেন নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আলী হোসেন জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কচুরগুল এলাকার হাজী সোয়াব উদ্দিনের ছেলে।
রবিবার (২৬ জুলাই) দুপুরে এই ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত আরও তিনজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায়, জুড়ী-বড়লেখা আঞ্চলিক সড়কের হাতলিয়া এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন এবং বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
জুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ জানান, সড়ক দুর্ঘটনায় একজনকে মৃত ঘোষণা করা হয়েছে। আহত তিনজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর