দেশে হামের সংক্রমণ পরিস্থিতি এখনও উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। যদিও এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। এর ফলে গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২০ জনে।
রোববার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত এই চারটি মৃত্যুর ঘটনা ঘটে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এখন পর্যন্ত নিশ্চিত হামে ৯৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ৭২৫ জন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ময়মনসিংহ বিভাগে দুইজন, ঢাকা বিভাগে একজন এবং বরিশাল বিভাগে একজন মারা গেছেন।
এদিকে একই সময়ে দেশে নিশ্চিতভাবে আরও ১৭০ জনের হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। এতে চলতি বছরে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৫ হাজার ৪৪২ জনে পৌঁছেছে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ৯৯০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। ফলে দেশে মোট সন্দেহভাজন হামের সংক্রমণ বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ২৩ হাজার ৭৫৩ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর সংক্রমণ প্রতিরোধে শিশুদের সময়মতো হাম-রুবেলা টিকা নিশ্চিত করা, আক্রান্ত ব্যক্তিকে আলাদা রাখা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
স্বাস্থ্য ও চিকিৎসা এর সর্বশেষ খবর