রাজবাড়ীর সদর উপজেলার খানখানাপুর রেলগেটে তেলবাহী ট্রেনের সঙ্গে একটি বাস ও মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
দুর্ঘটনার পর থেকে রাজবাড়ীর সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। রবিবার (২৬ জুলাই) রাত ৯টার দিকে রাজবাড়ী-ঢাকা রেলপথের খানখানাপুর লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজবাড়ী থেকে ছেড়ে আসা একটি তেলবাহী ট্রেন খানখানাপুর রেলগেট অতিক্রম করার সময় লেভেল ক্রসিংয়ে উঠে পড়া একটি যাত্রীবাহী বাস ও একটি মাহেন্দ্রকে সজোরে ধাক্কা দেয়। এতে যান দুটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে হতাহতের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস, রাজবাড়ী রেলওয়ে থানা-পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, রাত ৯টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজ শুরু করেন। এখন পর্যন্ত সাতজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর