ইতালির জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হওয়ার সম্ভাবনা শেষ হয়ে গেছে সাবেক বিশ্বকাপজয়ী তারকা আন্দ্রেয়া পিরলোর। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জানিয়েছেন, তিনি আর ইতালির কোচ হওয়ার প্রার্থী নন। রাশিয়ার বেটিং প্রতিষ্ঠান ফনবেট (Fonbet)-এর গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তাঁর বাণিজ্যিক সম্পৃক্ততাকে ঘিরে রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক বিতর্কের পরই এই সিদ্ধান্ত এসেছে।
৪৭ বছর বয়সী পিরলোকে ইতালির নতুন কোচ হওয়ার অন্যতম শীর্ষ দাবিদার হিসেবে দেখা হচ্ছিল। স্প্যানিশ কোচ পেপ গার্দিওলা দায়িত্ব নিতে রাজি না হওয়ায় তিনি জেন্নারো গাত্তুসোর সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আলোচনায় ছিলেন। তবে রাশিয়ান বুকমেকার ফনবেটের সঙ্গে তাঁর চুক্তি সামনে আসতেই ইতালিয়ান ফুটবল ফেডারেশন (FIGC)-এর ভেতরে এবং দেশটির রাজনৈতিক মহলে তীব্র আপত্তি ওঠে।
ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে পিরলো লেখেন, “গত রাতে জানতে পেরেছি, ইতালি জাতীয় দলের কোচ হওয়ার প্রার্থী হিসেবে আমি আর বিবেচনায় নেই।” তিনি আরও বলেন, একজন খেলোয়াড় ও কোচ হিসেবে পুরো ক্যারিয়ারজুড়ে তিনি সবসময় সংশ্লিষ্ট দেশের আইন এবং নিজের স্বাক্ষর করা চুক্তি মেনেই কাজ করেছেন। তাঁর দাবি, ফনবেটের সঙ্গে সম্পর্কটি শুধুই বাণিজ্যিক ও ক্রীড়াবিষয়ক, এর সঙ্গে কোনো রাজনৈতিক উদ্দেশ্যের সম্পর্ক নেই।
বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব ইউনাইটেড এফসি-র কোচের দায়িত্ব পালন করছেন পিরলো। গত বছরের অক্টোবরে তিনি ফনবেটের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হন। সেই চুক্তিই শেষ পর্যন্ত ইতালির জাতীয় দলের ডাগআউটে ফেরার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর