দেশব্যাপী তৃণমূল পর্যায়ের কিশোর-কিশোরীদের ক্রীড়া প্রতিভা বিকাশের লক্ষ্যে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর প্রথম আসরের জাতীয় পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন এবং ক্ষুদে ক্রীড়াবিদদের অভিনন্দন জানান।
সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মাঠে প্রবেশ করে খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং গ্যালারিতে উপস্থিত হাজারো দর্শকের অভিবাদনের জবাব দেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এবং বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান।
ফুটবলে সিলেট ও রংপুরের শ্রেষ্ঠত্ব
সমাপনী দিনে অনুষ্ঠিত বালক বিভাগের ফুটবল ফাইনালে সিলেট অঞ্চল ১-০ গোলে ময়মনসিংহ অঞ্চলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ম্যাচের একমাত্র গোলটি করেন আরমান খান জিসান। পুরো ম্যাচেই দুই দলের মধ্যে ছিল তুমুল লড়াই। প্রথমার্ধে কোনো দল গোল করতে না পারলেও দ্বিতীয়ার্ধের শেষ দিকে জিসানের দূরপাল্লার শটেই শিরোপা নিশ্চিত হয় সিলেটের।
অন্যদিকে বালিকা বিভাগের ফাইনালে রংপুর অঞ্চল ৪-০ গোলে রাজশাহী অঞ্চলকে হারিয়ে শিরোপা জিতে নেয়। স্মৃতি কিসকোর জোড়া গোলের পাশাপাশি তন্বী ও সুমাইয়ার একটি করে গোলে বড় ব্যবধানে জয় তুলে নেয় রংপুর।
সারা দেশ থেকে অংশ নেয় প্রায় ১ লাখ ৭০ হাজার ক্রীড়াবিদ
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীদের খেলাধুলায় উৎসাহিত করতে এ প্রতিভা অন্বেষণ কর্মসূচির উদ্বোধন করা হয় গত ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে। দেশব্যাপী উপজেলা ও জেলা পর্যায়ের বাছাই পর্বে প্রায় ১ লাখ ৭০ হাজার শিশু-কিশোর অংশ নেয়। পরে সেরা প্রতিযোগীরা জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পায়।
আটটি ডিসিপ্লিনে প্রতিযোগিতা
‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এ ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার ও মার্শাল আর্ট—এই আটটি ডিসিপ্লিনে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সমাপনী দিনে ফুটবলের দুই বিভাগের ফাইনালের পাশাপাশি বালক ও বালিকা বিভাগের ১০০ মিটার স্প্রিন্টের ফাইনালও অনুষ্ঠিত হয়।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর