২০১৮ সালের বিতর্কিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তৎকালীন ৩২ জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
সোমবার (২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
এতে আরও বলা হয়, বিধি অনুযায়ী তারা অবসরজনিত সব সুবিধা পাবেন এবং জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অবসরে পাঠানো এসব কর্মকর্তা ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় বিভিন্ন জেলায় জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন এবং রিটার্নিং কর্মকর্তার দায়িত্বেও ছিলেন।
সূত্রগুলো জানায়, প্রশাসনিক সংস্কার কার্যক্রম এবং অতীতের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড পর্যালোচনার অংশ হিসেবে তাদের সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাধ্যতামূলক অবসরে পাঠানোর আগে সংশ্লিষ্ট কর্মকর্তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে কর্মরত ছিলেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর