• ঢাকা
  • ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ৬ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২৬, ১২:১৮ দুপুর

‘আল্লাহ, আমাকে খাবার দাও, আকুতি জানানো সাজু শেখের স্ত্রী আর নেই

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আল্লাহ, আমাকে খাবার দাও, আমার স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’- এমন আকুতি জানিয়ে আলোচনায় আসা ৮০ বছর বয়সী সাজু শেখের স্ত্রী নূরজাহান বেগম (৭৫) মারা গেছেন। দীর্ঘদিন শয্যাশায়ী থাকার পর রোববার (১৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের খুনুয়া গ্রামে নিজ বাড়িতে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।

রোববার বিকেল ৫টার দিকে পারিবারিক কবরস্থানে নূরজাহান বেগমকে দাফন করা হয়। তার মৃত্যুতে প্রায় ৬৫ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটেছে। জীবনসঙ্গীকে হারিয়ে আরও অসহায় হয়ে পড়েছেন বৃদ্ধ সাজু শেখ।

স্থানীয় ইউপি সদস্য ইলিয়াস মিয়া নূরজাহান বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে ছিলেন নূরজাহান। রোববার দুপুরে নিজ বাড়িতেই তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ছয় বছর আগে পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে যায় নূরজাহানের। এরপর থেকে তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারতেন না। একপর্যায়ে পুরোপুরি শয্যাশায়ী হয়ে পড়েন। অভাবের সংসারে তার চিকিৎসার খরচ জোগানো কঠিন হয়ে পড়ে। অসুস্থ স্ত্রীর দেখাশোনার পাশাপাশি খাবার, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের ব্যবস্থা করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হতো সাজু শেখকে।

দীর্ঘ দাম্পত্য জীবনে এই দম্পতির তিন ছেলে ও তিন মেয়ে রয়েছে। তিন মেয়েরই বিয়ে হয়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মেয়েদের কেউ কেউ মাঝেমধ্যে বাবার খোঁজখবর নেন। তিন ছেলের মধ্যে একজন করোনাকালে নিরুদ্দেশ হয়ে গেলেও মাঝেমধ্যে যোগাযোগ রাখেন। আরেক ছেলে ঢাকায় রিকশা চালান এবং বছরে দু-একবার বাড়িতে আসেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে অসুস্থ স্ত্রীকে কোলে নিয়ে খাবারের জন্য আকুতি জানাতে দেখা যায় সাজু শেখকে। তার অসহায়ত্বের দৃশ্য মানুষের হৃদয় ছুঁয়ে যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিভিন্ন ব্যক্তি, সামাজিক সংগঠন ও প্রশাসনের পক্ষ থেকে তাদের খোঁজখবর নেওয়া হয়। পাশাপাশি পৌঁছে দেওয়া হয় মানবিক সহায়তা।

তবে এসব সহায়তার মধ্যেও বার্ধক্য, অসুস্থতা ও অভাবের সঙ্গে লড়াই করে যাচ্ছিলেন এই দম্পতি। শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানলেন নূরজাহান বেগম। যে স্ত্রীকে বাঁচিয়ে রাখতে এবং তার মুখে খাবার তুলে দিতে মানুষের কাছে সাহায্য চেয়েছিলেন সাজু শেখ, সেই জীবনসঙ্গীকে হারিয়ে এখন তিনি আরও নিঃসঙ্গ। দীর্ঘদিনের সঙ্গীকে হারানোর শোকের সঙ্গে নতুন করে যুক্ত হলো একাকিত্ব ও অনিশ্চিত ভবিষ্যতের দুশ্চিন্তা।

স্বাধীন/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]