ভোলার চরফ্যাশনে সহপাঠীদের সঙ্গে ফুটবল খেলা শেষে পুকুরে গোসল করতে নেমে লাবিব মাহমুদ খান (১৫) নামের নবম শ্রেণির এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ জুলাই) বিকেল ৩টার দিকে চরফ্যাশন সরকারি টিবি মাধ্যমিক বিদ্যালয়ের পাশে চরফ্যাশন ডাকবাংলোর পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লাবিব ওই বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী এবং চরফ্যাশন আদালতের আইনজীবী অ্যাডভোকেট শিহাব মাহমুদের ছেলে।
বিদ্যালয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতা শেষে কয়েকজন সহপাঠীর সঙ্গে লাবিব পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে পুকুর থেকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে পরিবার জানিয়েছে, লাবিব সাঁতার জানত না। লাবিবের আকস্মিক মৃত্যুতে পরিবার, সহপাঠী ও শিক্ষকদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
চরফ্যাশন হাসপাতালের জরুরি বিভাগের জরুরি চিকিৎসা কর্মকর্তা রিয়াজ হোসেন বলেন, 'হাসপাতালে আনার আগেই ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছিল।'
চরফ্যাশন ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ (ভারপ্রাপ্ত) মো. মাসুদ বলেন, 'আমরা শুনতে পেয়েছি চরফ্যাশন সরকারি টিবি মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষার্থী পুকুরের পানিতে নিখোঁজ। তাৎক্ষণিক আমরা এসে তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে যাই।'
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, 'এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।'
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর