১৯৮৮ সালের অপারেশন মেরসাদ-এর বার্ষিকী উপলক্ষে কড়া বার্তা দিয়েছে ইরানের সেনাবাহিনী। বাহিনীটি বলেছে, দেশের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের জবাব দেওয়া হবে এবং "ইরানের সীমান্তের বাইরেই শত্রুদের কবর দেওয়া হবে।"
মেহর নিউজ এজেন্সি (MNA)-এর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সোমবার এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী অপারেশন মেরসাদকে দেশটির সামরিক শক্তি ও সশস্ত্র বাহিনীর দৃঢ়তার প্রতীক হিসেবে উল্লেখ করে। ১৯৮৮ সালে ইরান-ইরাক যুদ্ধের শেষদিকে ইরানে অনুপ্রবেশকারী বিরোধী বাহিনীর বিরুদ্ধে এই পাল্টা অভিযান পরিচালনা করা হয়েছিল।
বিবৃতিতে প্রয়াত মেজর জেনারেল আলি সাইয়্যাদ শিরাজির কৌশলগত নেতৃত্বের প্রশংসা করে বলা হয়, জনগণ ও সশস্ত্র বাহিনীর সম্মিলিত অংশগ্রহণই ওই অভিযানের সাফল্য নিশ্চিত করেছিল। সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, এই অভিযান প্রমাণ করেছে যে ইরানের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের মোকাবিলায় পুরো দেশ ঐক্যবদ্ধ থাকবে।
এতে আরও বলা হয়, ১২ দিনের যুদ্ধ, রমজান যুদ্ধ এবং হরমুজের যুদ্ধে ইরানের সশস্ত্র বাহিনী জাতীয় চেতনা ও নিজস্ব সামরিক সক্ষমতার পরিচয় দিয়েছে। বর্তমানে সেনাবাহিনী সর্বোচ্চ প্রস্তুতি ও সতর্ক অবস্থায় রয়েছে এবং সম্ভাব্য যেকোনো শত্রু তৎপরতা মোকাবিলায় প্রস্তুত।
বিবৃতিতে আরও বলা হয়, ইরানের স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার দায়িত্ব থেকে সেনাবাহিনী "একচুলও পিছু হটবে না" এবং যেকোনো আগ্রাসনের জবাব দেওয়া হবে "সবচেয়ে কঠোর ও বিধ্বংসী হামলার মাধ্যমে।"
সূত্র: মেহর নিউজ এজেন্সি (MNA)।
সাজু/নিএ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর