লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) শুরুর আগে ম্যাচ গড়াপেটার অভিযোগে গ্রেপ্তার হন ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ক্রিকেটার মনজ্যোৎ কালরা। বর্তমানে তিনি শ্রীলঙ্কায় কারাবন্দি রয়েছেন। এবার তার ও সহকারী যুবরাজ পুষ্পের জামিন আবেদনও নাকচ করেছেন আদালত।
কলম্বোর প্রধান ম্যাজিস্ট্রেট আদালতে জামিন চেয়ে আবেদন করেন কালরা ও যুবরাজ পুষ্প। তাদের আইনজীবী আদালতকে জানান, দুজনই অসুস্থ এবং মানবিক দিক বিবেচনায় তাদের জামিন দেওয়া উচিত। তবে শ্রীলঙ্কা পুলিশের বিশেষ তদন্তকারী দল এ আবেদনের বিরোধিতা করলে আদালত তাদের ৩১ জুলাই পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেন।
মনজ্যোৎ কালরা লঙ্কা প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজি জাফনা কিংসের অন্যতম মালিক। অভিযোগ রয়েছে, নিজের দলের এক ক্রিকেটারকে ম্যাচ ছেড়ে দেওয়ার বিনিময়ে অর্থের প্রস্তাব দিয়েছিলেন তিনি। এ ঘটনায় শ্রীলঙ্কা জাতীয় দলের ক্রিকেটার ভানুকা রাজাপক্ষে, আবিষ্কা ফার্নান্দো ও দুনিথ ওয়েল্লালাগেসহ আরও দুজন ঘরোয়া ক্রিকেটার তার বিরুদ্ধে অভিযোগ করেছেন।
২০১৮ সালে পৃথ্বী শ’র নেতৃত্বে ভারতের অনূর্ধ্ব-১৯ দল বিশ্বকাপ জিতেছিল। সেই দলের ওপেনার ছিলেন মনজ্যোৎ কালরা। তার সঙ্গে ইনিংস শুরু করতেন পৃথ্বী শ, আর তিন নম্বরে ব্যাট করতেন শুভমান গিল। ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অপরাজিত ১০১ রানের দুর্দান্ত ইনিংস খেলে ভারতের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কালরা।
তবে বয়সভিত্তিক ক্রিকেটে সাফল্যের পর পেশাদার ক্রিকেটে নিজের অবস্থান ধরে রাখতে পারেননি তিনি। পরে ‘স্পোর্টস কমিউন’ নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন, যা জাফনা কিংসের অন্যতম মালিকানার সঙ্গে যুক্ত ছিল। তবে ম্যাচ গড়াপেটির অভিযোগ সামনে আসার পর প্রতিষ্ঠানটির সঙ্গে সব ধরনের চুক্তি বাতিল করেছে লঙ্কা প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। এতে কালরার সংকট আরও গভীর হয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর