• ঢাকা
  • ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২০ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / স্পোর্টস / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৬, ০৭:৫৪ বিকাল

এবিজি মিডিয়া কাপ ফুটবল ফাইনালের প্রাইজ মানি ৭৫ লাখ টাকা

ছবি: সংগৃহীত

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নতুন ইতিহাস গড়ার প্রত্যয়ে আয়োজিত এবিজি মিডিয়া কাপ ফুটবল ইতোমধ্যে দেশের ক্রীড়াপ্রেমী ও গণমাধ্যমকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রাইজমানির এই মিডিয়া ফুটবল টুর্নামেন্টের ঘোষণা আসার পর থেকেই এই আসরের পুরস্কার নিয়ে শুরু হয়েছিল নানা জল্পনা-কল্পনা। সেমিফাইনাল পর্যন্ত ঘোষিত অর্থপুরস্কারের অঙ্ক ছাড়িয়ে গেছে অনেকের কল্পনাকেও। ফাইনালের আগপর্যন্ত ১৩৪টি ম্যাচের ম্যাচ ফি বাবদই বরাদ্দ ৬০ লাখ টাকা। এমন বিশাল আয়োজন দেখে অনেকের মনেই প্রশ্ন জেগেছিল, ‘এ কি সত্যি, নাকি স্বপ্ন?’

স্বপ্ন নয়, সত্যি! ৪৮টি মিডিয়া হাউসের অংশগ্রহণে আগামী ১ ডিসেম্বর মাঠে গড়াতে যাচ্ছে এবিজি মিডিয়া কাপ ফুটবল। তবে ফাইনালের চূড়ান্ত পুরস্কার নিয়ে দর্শক, খেলোয়াড় ও গণমাধ্যমকর্মীদের কৌতূহল ছিল তুঙ্গে। কারণ, আসরের সবচেয়ে আকর্ষণীয় পুরস্কারের ঘোষণা তখনো বাকি।

অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটালেন আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর। শনিবার (২৮ নভেম্বর) এবিজি স্পোর্টস সিটির জুলকান ইনডোর অ্যারেনায় আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের শেষ পর্যায়ে তিনি ঘোষণা করেন, আসরের ফাইনালের প্রাইজ মানিই ৭৫ লাখ টাকা, চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল পাবে যথাক্রমে ৫০ লাখ ও ২৫ লাখ টাকা। দেশের মিডিয়া ফুটবলের ইতিহাসে এমন অভাবনীয় পুরস্কার ঘোষণা মুহূর্তেই অনুষ্ঠানস্থলকে পরিণত করে উচ্ছ্বাস ও করতালির কেন্দ্রবিন্দুতে।

উপস্থিত ৪৮টি মিডিয়া হাউসের অধিনায়ক, প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছড়িয়ে পড়ে আনন্দের আবহ। যারা প্রতিনিয়ত সংবাদ ও ঘটনার পেছনে ছুটে চলেন, এবার তাঁরাই ফুটবল পায়ে মাঠ মাতানোর সুযোগ পাচ্ছেন। গণমাধ্যমকর্মীদের এই উৎসবকে আরও স্মরণীয় করে তুলতে অনুষ্ঠানে উন্মোচন করা হয় এবিজি মিডিয়া কাপ ফুটবলের দৃষ্টিনন্দন ট্রফি।

মিডিয়ার জন্য এমন বৃহৎ আয়োজনের অবিশ্বাস্য পুরস্কার ঘোষণা করতে গিয়ে এবিজি চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর বলেন, ‘আমার বাবা (আহমেদ আকবর সোবহান) বলেছেন, পুরস্কার দেওয়াতে যাতে কোনো কিপ্টেমি না করি। যারা চ্যাম্পিয়ন হবে, তাদেরটা পরে বলি। যারা রানার্সআপ হবে, তাদের জন্য আমি ২৫ লাখ টাকা ঘোষণা করলাম। অফকোর্স চ্যাম্পিয়ন ইজ আ চ্যাম্পিয়ন। চ্যাম্পিয়ন দলের জন্য আমার বাবার পক্ষ থেকে থাকছে ৫০ লাখ টাকা'।

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এমন ব্যতিক্রমী ও আলোচিত আয়োজন নিয়মিত করার পরিকল্পনার কথাও জানান তিনি। এ প্রসঙ্গে তাঁর বক্তব্য, ‘আমরা চাই, এই ম্যাচগুলো হোক নতুন কিছুর শুরু। পরের আসর থেকে যেন আরো বড় পরিসরে আয়োজন করতে পারি।'

একই সঙ্গে এই টুর্নামেন্টের মাধ্যমে গণমাধ্যমকর্মীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন এবিজি স্পোর্টস সিটির ডিরেক্টর মো. ইমরুল হাসান, 'আজকের এই আয়োজন আমাদের জন্য নিছক একটি জার্সি ও ট্রফি উন্মোচনের আনুষ্ঠানিকতা নয়। বরং একটি স্বপ্নের দৃশ্যমান রূপ, একটি নতুন যাত্রার সূচনা এবং বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নতুন এক সংযোগের প্রয়াস। আমাদের এবিজি মিডিয়া কাপের মূল দর্শন অত্যন্ত সহজ - কর্মক্ষেত্রের ব্যস্ততা ও প্রতিযোগিতার বাইরে মানুষে মানুষে সম্পর্কের একটি আনন্দময় সেতুবন্ধন তৈরি করা।'

টুর্নামেন্টের সার্বিক পরিকল্পনা ও আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরে মো. ইমরুল হাসান বলেন, ‘আমরা বিশ্বাস করি, যারা প্রতিনিয়ত সমাজকে সচেতন রাখেন, মানুষের আনন্দ-বেদনা, সাফল্য-ব্যর্থতা তুলে ধরেন, তাদের নিজেদের মধ্যেও আনন্দ, বিনোদন ও পারস্পরিক সৌহার্দ্যের একটি পরিসর থাকা প্রয়োজন। সেই ভাবনা থেকেই এবিজি মিডিয়া কাপের উদ্যোগ।'

এবারের এবিজি মিডিয়া কাপ ফুটবলে অংশ নিচ্ছে ৪৮টি দল। দলগুলোকে ভাগ করা হয়েছে আটটি গ্রুপে, প্রতিটি গ্রুপে রয়েছে ছয়টি করে দল। আজকের ড্রয়ের মাধ্যমে গ্রুপ বিন্যাস চূড়ান্ত হওয়ার পাশাপাশি নির্ধারিত হয়েছে টুর্নামেন্টের পূর্ণাঙ্গ ফিকশ্চার। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল পরবর্তী পর্বে উত্তীর্ণ হবে।

গ্রুপ পর্বের ১২০টি ম্যাচের প্রতিটিতে বিজয়ী দল পাবে ২৫ হাজার টাকা। পরাজিত দলের জন্যও রয়েছে সম্মানজনক পুরস্কার ১০ হাজার টাকা। দ্বিতীয় পর্বের আটটি ম্যাচে বিজয়ী ও পরাজিত দল পাবে যথাক্রমে ৩৫ হাজার ও ১৫ হাজার টাকা। চারটি কোয়ার্টার ফাইনালের প্রতিটির বিজয়ী দলের জন্য বরাদ্দ রয়েছে এক লাখ টাকা, আর বিদায় নেওয়া দলগুলো পাবে ৫০ হাজার টাকা করে।

সেমিফাইনালে পৌঁছানো চার দলের মধ্যে ফাইনালে উত্তীর্ণ দুই দল প্রত্যেকে পাবে আড়াই লাখ টাকা। শেষ চার থেকে বিদায় নেওয়া দুই দলও পাবে দেড় লাখ টাকা করে। আর সবকিছুর শেষে ফাইনালের মহামঞ্চে অপেক্ষা করছে কয়েক কোটি টাকার আসরের সবচেয়ে বড় পুরস্কার চ্যাম্পিয়ন ও রানার্সআপের জন্য বিশেষ প্রাইজমানি।

আগামী ১৭ ডিসেম্বর কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হবে এবিজি মিডিয়া কাপ ফুটবলের শিরোপা নির্ধারণী ম্যাচ। ফাইনালের উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলবে সেলিব্রেটিদের অংশগ্রহণে বিশেষ ফুটবল ম্যাচ। দুটি প্রদর্শনী ম্যাচে মুখোমুখি হবেন বাংলাদেশের পুরুষ ও নারী সেলিব্রেটিরা। রাফসান শাবাব ও আয়শা খানের সঞ্চালনায় এই অনুষ্ঠানে আলো ছড়িয়েছেন উল্লেখযোগ্যসংখ্যক তারকা। তাঁদের মধ্যে অন্যতম অভিনেতা ইরফান সাজ্জাদ, চিত্রনায়ক নিরব হোসেন, চিত্রনায়ক জিয়াউল রোশান, অভিনেতা আরশ খান, ব্যাচেলর পয়েন্ট খ্যাত অভিনেতা চাষী আলম, শিমুল, মুসাফির সাঈদ বাচ্চু, সাবেক মিস ওয়ার্ল্ড বাংলাদেশ শাম্মী ইসলাম নীলা, অভিনেত্রী সামান্থা পারভেজ, অনিন্দিতা মিমি এবং মাফতুয়া জান্নাত জিম।

টুর্নামেন্টে ব্যক্তিগত নৈপুণ্যের স্বীকৃতি হিসেবেও থাকছে আকর্ষণীয় পুরস্কার। আসরের সেরা খেলোয়াড় পাবেন দুই লাখ টাকা। সেরা সেটপিস, গোল্ডেন বল, গোল্ডেন বুট ও গোল্ডেন গ্লাভস এই চারটি পুরস্কারের প্রতিটির অর্থমূল্য ২৫ হাজার টাকা। পরিচ্ছন্ন ও ক্রীড়াসুলভ ফুটবল চর্চায় উৎসাহ দিতে ফেয়ার প্লে অ্যাওয়ার্ডের জন্য বরাদ্দ রয়েছে ৫০ হাজার টাকা।

শুধু মাঠের লড়াই নয়, এবিজি মিডিয়া কাপ ফুটবলকে ঘিরে গণমাধ্যমকর্মীদের সৃজনশীল কাজের স্বীকৃতিরও থাকছে বিশেষ ব্যবস্থা। টিভি, পত্রিকা, ওয়েব ও মাল্টিমিডিয়া এই চারটি বিভাগে সেরা রিপোর্ট ও কনটেন্টের প্রতিটির জন্য পুরস্কার হিসেবে দেওয়া হবে দুই লাখ টাকা।

এছাড়া ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটক এই তিনটি সামাজিক যোগাযোগমাধ্যমে সর্বাধিক দেখা কনটেন্টের প্রতিটির জন্য থাকছে এক লাখ টাকা করে পুরস্কার। এসব কনটেন্টে নির্ধারিত হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে: #SayemSobhanAnvir #AnvirBashundharaGroup #ABGMediaCup2026 # BashundharaCIty2 #ABGSportsCIty প্রকাশিত আলোকচিত্রের মধ্য থেকে সেরা ছবির জন্য নির্বাচিত আলোকচিত্রী পাবেন এক লাখ টাকা। রিপোর্ট, কনটেন্ট ও আলোকচিত্রের পুরস্কারের জন্য প্রতিযোগীদের নিজেদের সেরা কাজের লিংক আয়োজকদের কাছে পাঠাতে হবে। আয়োজক কমিটির গঠিত জুরি বোর্ড নিরপেক্ষ ও সূক্ষ্ম বিচার-বিশ্লেষণের মাধ্যমে সেরা রিপোর্ট, কনটেন্ট ও আলোকচিত্র নির্বাচন করবে।

এবিজি মিডিয়া কাপ ফুটবল কেবল একটি টুর্নামেন্ট নয়; এটি গণমাধ্যমকর্মীদের মিলনমেলা, পারস্পরিক সৌহার্দ্য ও ক্রীড়াসুলভ চেতনার এক অনন্য উদযাপন। বিপুল প্রাইজমানি, তারকাখচিত আয়োজন এবং ব্যতিক্রমী পরিকল্পনার মধ্য দিয়ে এই আসর বাংলাদেশের মিডিয়া ফুটবলে নতুন দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]