স্মার্ট কিডস ইন্টারন্যাশনাল স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা 'মার্শাল আর্ট ক্লাব প্রতিযোগিতা ২০২৬' এ অংশগ্রহণ করে অসাধারণ সাফল্য অর্জন করেছে। প্রতিযোগিতায় শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, শৃঙ্খলা, সাহসিকতা ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ তারা চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণের গৌরব অর্জন করে।
সম্প্রতি ঢাকার ধানমন্ডির রিয়া গোপ মহিলা কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটি।
মার্শাল আর্ট কোচ আলামীনের সহযোগিতায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে- স্কুলের মার্শাল আর্ট বিভাগের শিক্ষার্থী নববী, আনিয়াহ, আরিয, আলিফ, এমিলিয়া, মায়মুনা ও সায়েম।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের বয়স উপযোগী বিভিন্ন বিভাগে চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে দর্শক ও বিচারকদের প্রশংসা কুড়ায়। একক প্রতিযোগিতায় শিক্ষার্থীরা তিনটি স্বর্ণ পদক, তিনটি রৌপ্য পদক ও একটি ব্রোঞ্চ পদক অর্জন করে।
বিজয়ী শিক্ষার্থীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক। এছাড়াও শিক্ষার্থীদের পুরষ্কার তুলে দেন দৌলতুজ্জামান খাঁন এনডিসি (নির্বাহী পরিচালক) জাতীয় ক্রীড়া পরিষদ, ব্যারিস্টার সারোওয়াত সিরাজ শুক্লা সভাপতি মহিলা ক্রীড়া সংস্থা, মোহা: হাসানুজ্জামান খান বাবলু সিনিয়র সহ-সভাপতি বাংলাদেশ রেসলিং ফেডারেশন, শারমিন আক্তার রত্না সাধারণ সম্পাদক মহিলা ক্রীড়া সংস্থা, এয়ার ভাইস মার্শাল মো. বদরুল আমিন ( অব:) সভাপতি বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন।
এসময় উপস্থিত ছিলেন- স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মাদ মহসিন উদ্দিন, ভাইস প্রিন্সিপাল মৌসুমী তুহিন আক্তার, ম্যানেজার এন্ড একাডেমিক হেড আশুরা ইসলাম, জেনারেল কো অর্ডিনেটর এন্ড হেড অফ একাউন্টস ঝরনা আবেদিন জিনিয়া এবং অভিভাবকবৃন্দ।
বিদ্যালয়ের কর্তৃপক্ষ জানান, পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে শিশুদের শারীরিক সক্ষমতা, আত্মরক্ষা কৌশল, নেতৃত্বের গুণাবলি এবং মানসিক দৃঢ়তা বিকাশ লাভ করে। মার্শাল আর্টের মতো কার্যক্রম শিশুদের আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর