মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরবের নেতৃত্বে গঠিত নতুন বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোটে (Multinational Maritime Defense Alliance) যোগ দিয়েছে বাংলাদেশ। সৌদি আরবসহ মোট ১৪টি দেশ এ জোটের সদস্য হয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৩০ জুলাই) সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জোট গঠনের ঘোষণা দেয়। এর লক্ষ্য হলো বাব আল-মান্দেব প্রণালি, লোহিত সাগর ও এডেন উপসাগরে নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ রুটের নিরাপত্তা জোরদার করা।
জোটে বাংলাদেশ ছাড়াও রয়েছে সৌদি আরব, তুরস্ক, কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, মিসর, পাকিস্তান, জিবুতি, সোমালিয়া, ইয়েমেন, সুদান ও কোমোরোস।
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সদস্য দেশগুলো সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা তথ্য বিনিময়, যৌথ পরিকল্পনা, সমন্বিত সামরিক মহড়া এবং প্রয়োজন অনুযায়ী যৌথ সামুদ্রিক অভিযান পরিচালনা করবে। তবে জোটটি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে গঠন করা হয়নি বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের জেরে হরমুজ প্রণালিতে উত্তেজনা এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার কারণে বাব আল-মান্দেব ও লোহিত সাগর হয়ে চলাচলকারী আন্তর্জাতিক জাহাজগুলো নতুন নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে। এ পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ এই নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতেই জোট গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশের এই জোটে অন্তর্ভুক্তি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের একটি বড় অংশ সমুদ্রপথনির্ভর হওয়ায় আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থের সঙ্গেও ঘনিষ্ঠভাবে সম্পর্কিত।
বিশ্বের সামুদ্রিক বাণিজ্যের প্রায় ১০ থেকে ১২ শতাংশ এবং প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও জ্বালানি বাব আল-মান্দেব প্রণালি দিয়ে পরিবহন করা হয়। ফলে এই রুটে যেকোনো ধরনের অস্থিরতা বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর