জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আটটি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে পাঁচটির নিজস্ব ভবন নেই। পাশাপাশি অধিকাংশ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক না থাকায় দীর্ঘদিন ধরে প্রাথমিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন গ্রামীণ জনগোষ্ঠী। ফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে রোগীর চাপ ক্রমেই বাড়ছে।
স্থানীয় সূত্র ও উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ভবনবিহীন ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রগুলো হলো সাতপোয়া, ডোয়াইল, আওনা, কামরাবাদ ও মহাদান। এসব কেন্দ্রে নিয়মিত চিকিৎসাসেবা কার্যত বন্ধ রয়েছে।
জানা গেছে, সাতপোয়া ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে একজন সহকারী সার্জনের পদ থাকলেও তিনি বর্তমানে প্রেষণে ঢাকায় কর্মরত। কামরাবাদ, ডোয়াইল ও আওনা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে দীর্ঘদিন ধরে কোনো চিকিৎসক নেই। এছাড়া ভাটারা ও পোগলদিঘা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রেও চিকিৎসকের পদ শূন্য রয়েছে।
পিংনা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল অফিসার প্রেষণে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছেন। অন্যদিকে মহাদান ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের সহকারী সার্জন ডা. ফাহমিদা জামান তিথি ১ ডিসেম্বর ২০২৩ থেকে অননুমোদিতভাবে বিদেশে অবস্থান করায় পদটি বর্তমানে শূন্য রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
স্থানীয় গৃহিণী ছাহেরা বেওয়া, কৃষক মন্তাজ মুন্সী, ব্যবসায়ী শফিকুল ইসলাম ফকির ও ইকবাল হোসেন, শিক্ষার্থী শামসুন্নাহার এবং ফতেহ আল সামিসহ একাধিক বাসিন্দা জানান, সামান্য অসুস্থতার চিকিৎসাও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে পাওয়া যায় না। ফলে বাধ্য হয়ে উপজেলা সদর কিংবা বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে গিয়ে অতিরিক্ত অর্থ ব্যয় করে চিকিৎসা নিতে হচ্ছে। তারা দ্রুত স্বাস্থ্যকেন্দ্রগুলোর ভবন নির্মাণ ও চিকিৎসক নিয়োগের দাবি জানান।
এ বিষয়ে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবাশীষ রাজবংশী বলেন, "ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রগুলোর ভবন নির্মাণ ও জনবল সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। বর্তমানে পোগলদিঘা, বাউসী ও পিংনা সাব-সেন্টারে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ও ফার্মাসিস্টরা সেবা দিচ্ছেন। এছাড়া পোগলদিঘা, বাউসী ও পিংনা কমিউনিটি সেন্টারের ভবন সংস্কার ও পুনঃনির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।"
দীর্ঘদিন ধরে ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যসেবার এই সংকট নিরসনে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর