• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৫ সেকেন্ড পূর্বে
মো: মিজানুর রহমান
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৬, ০৮:৪৬ রাত

ঝিনাইদহ সদর হাসপাতালে তত্ত্বাবধায়ক বদলি নিয়ে ক্ষোভ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের চিকিৎসাসেবা, প্রশাসনিক শৃঙ্খলা ও আর্থিক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন এনে প্রশংসিত হয়েছিলেন তত্ত্বাবধায়ক ডা.মোস্তাফিজুর রহমান। কিন্তু হাসপাতালের উন্নয়নের ধারাবাহিকতার মধ্যেই তাঁকে বদলি করে নতুন তত্ত্বাবধায়ক হিসেবে ডা.মো.ইউসুফ আলীকে নিয়োগ দেওয়ায় ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। বিশেষ করে নতুন তত্ত্বাবধায়কের আওয়ামী লীগপন্থী চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) আজীবন সদস্যপদ নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

গত ১৮ নভেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা.জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ডা.মোস্তাফিজুর রহমানকে খুলনার বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়। তাঁর স্থলে দায়িত্ব দেওয়া হয় ডা.মো.ইউসুফ আলীকে।

স্থানীয়দের প্রশ্ন,হাসপাতালের সেবার মানোন্নয়ন ও আর্থিক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনার পরও কেন ডা.মোস্তাফিজুর রহমানকে সরিয়ে দেওয়া হলো? অন্যদিকে নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অতীত রাজনৈতিক সংশ্লিষ্টতা ও স্বাচিপের আজীবন সদস্যপদ যাচাই করা হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

উল্লেখ্য, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) আওয়ামী লীগপন্থী চিকিৎসকদের সংগঠন হিসেবে পরিচিত। সংশ্লিষ্ট সদস্যতথ্যে ডা.ইউসুফ আলীর নামের বিপরীতে ২২০০১৫১ নম্বরের আজীবন সদস্যপদের তথ্য রয়েছে বলে দাবি করা হচ্ছে। আওয়ামী লীগ সরকারের আমলে সংগঠনটির রাজনৈতিক ভূমিকা এবং বর্তমান প্রেক্ষাপটে এর সঙ্গে সংশ্লিষ্ট একজনকে গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতালের প্রশাসনিক দায়িত্ব দেওয়ার যৌক্তিকতা নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা চলছে।

হাসপাতাল সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, ডা. মোস্তাফিজুর রহমানের দায়িত্ব পালনকালে ২০২৩-২৪ অর্থবছরে সরকারি কোষাগারে রাজস্ব জমা ছিল ১ কোটি ৭১ লাখ টাকা। ২০২৫-২৬ অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ২৮ লাখ টাকায়। অর্থাৎ বেড়েছে ৫৭ লাখ টাকা। অন্যদিকে অ্যাম্বুলেন্সের জ্বালানি ব্যয় ২০২৪-২৫ অর্থবছরের প্রায় ৬৫ লাখ টাকা থেকে কমে ২০২৫-২৬ অর্থবছরে প্রায় ৩০ লাখ টাকায় নেমেছে। এ ছাড়া সাইকেল স্ট্যান্ডের ইজারা ৮০ হাজার টাকার নিচের দর থেকে উন্মুক্ত দরপত্রে ৬ লাখ ৭৫ হাজার ৫০০ টাকায় উন্নীত হয়। চিকিৎসক-কর্মচারীদের বায়োমেট্রিক হাজিরা, রোগীদের খাবারের মানোন্নয়ন, ওষুধ সরবরাহ, পরিচ্ছন্নতা, চিকিৎসকদের রাতের রাউন্ড, অ্যাম্বুলেন্সে জিপিএস ট্র্যাকার স্থাপন এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিতেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়।

ঝিনাইদহ উন্নয়ন সমন্বয় সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক আবুল বাশার বলেন, ডা.মোস্তাফিজুর রহমান দায়িত্ব নেওয়ার পর হাসপাতালের প্রশাসনিক শৃঙ্খলা ও আর্থিক ব্যবস্থাপনায় দৃশ্যমান পরিবর্তন এসেছে। এমন একজন কর্মকর্তার বদলিতে তাঁরা হতাশ।

স্থানীয় ব্যবসায়ী ফকরুদ্দীন মুন্না বলেন, রোগীদের খাবারের মান, অক্সিজেন সরবরাহ ও পানীয় জলের ব্যবস্থা উন্নত হয়েছে। স্থানীয় ওয়াসিম জানান, গর্ভবতী মায়েদের চিকিৎসাসেবা ও অপ্রয়োজনীয় সিজারিয়ান কমাতে কাউন্সেলিং কার্যক্রমেও গুরুত্ব দেওয়া হয়েছিল।

স্থানীয় সেবা প্রত্যাশী ও সচেতন নাগরিকদের দাবি, হাসপাতালের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় ডা. মোস্তাফিজুর রহমানকে ঝিনাইদহ সদর হাসপাতালে পুনর্বহালের বিষয়টি পুনর্বিবেচনা করা হোক। একই সঙ্গে নতুন তত্ত্বাবধায়কের নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক সংশ্লিষ্টতা, পেশাগত যোগ্যতা ও প্রশাসনিক দক্ষতার বিষয়গুলো স্বাস্থ্য অধিদপ্তর স্পষ্ট করুক।

তারা আরও দাবি করেন, হাসপাতালের উন্নয়ন ও জনস্বার্থকে গুরুত্ব না দিয়ে যদি কোনো রাজনৈতিক পরিচয় বা প্রভাব নিয়োগের ক্ষেত্রে ভূমিকা রাখে, তাহলে সাধারণ মানুষের চিকিৎসাসেবা কতটা সুরক্ষিত থাকবে? এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ব্যাখ্যা ও স্বচ্ছ সিদ্ধান্ত প্রত্যাশা করছেন ঝিনাইদহবাসী।

বদলির বিষয়ে ডা.মোস্তাফিজুর রহমান বলেন, ঝিনাইদহে দায়িত্ব পালনকালে সরকারি নিয়ম মেনে প্রতিটি খাতে স্বচ্ছতা নিশ্চিত করে রোগীদের সেবা দেওয়ার চেষ্টা করেছি। নাগরিকদের চিকিৎসাসেবা নিশ্চিত করাই ছিল আমার একমাত্র লক্ষ্য।

স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) আওয়ামী লীগপন্থী চিকিৎসকদের সংগঠনের আজীবন সদস্যর বিষয়ে সদর হাসপাতালের নতুন তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ ইউসুফ আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন এবিষয়ে আমি পরে কথা বলবো বলে ফোন কেটে দেন।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]