পার্বত্য অঞ্চলের দুর্গম ও প্রত্যন্ত এলাকার গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণ এবং স্বাস্থ্য বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দুই সপ্তাহব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ ও চিকিৎসাসেবা কার্যক্রমের সূচনা করেছে খাগড়াছড়ি রিজিয়ন।
রবিবার (২ আগস্ট) সকালে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন ৫ ফিল্ড অ্যাম্বুলেন্স, খাগড়াছড়ি সেনানিবাসের আয়োজনে এই ব্যতিক্রমী কর্মসূচির সূচনা হয়। উদ্বোধনী দিনে খাগড়াছড়ি সদর উপজেলার বিভিন্ন দুর্গম ও পাহাড়ি এলাকা থেকে আসা ২২ জন নারীকে দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণে মূলত গর্ভকালীন সময়ে করণীয় স্বাস্থ্যসেবা, নবজাতক ও শিশুর সঠিক পরিচর্যা, পারিবারিক প্রাথমিক চিকিৎসা এবং সাধারণ স্বাস্থ্য সচেতনতা বিষয়ে প্র্যাকটিক্যাল ও মৌলিক জ্ঞান ছড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি অংশ নেওয়া নারী ও শিশুদের সার্বিক স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসাসেবা এবং চিকিৎসকের পরামর্শ প্রদান করা হয়।
উক্ত প্রশিক্ষণ ও সেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ৫ ফিল্ড অ্যাম্বুলেন্স এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আনোয়ারুস সাদাত, খাগড়াছড়ি রিজিয়ন সদর দপ্তরের জিএসও-২ (ইন্টেলিজেন্স) মেজর কাজী মোস্তফা আরেফিন।
আয়োজক সূত্র জানায়, পার্বত্য অঞ্চলের ভৌগোলিক বাস্তবতার কারণে প্রত্যন্ত এলাকার মানুষ প্রায়ই সময়মতো স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হন। দুই সপ্তাহ ধরে চলা এই কর্মসূচির মাধ্যমে পাহাড়ি এলাকার গর্ভবতী মা ও শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করা, নিরাপদ মাতৃত্বের পরিবেশ তৈরি এবং প্রাথমিক চিকিৎসার জ্ঞান ঘরে ঘরে পৌঁছে দেওয়া সম্ভব হবে। খাগড়াছড়ি রিজিয়নের এই মানবিক ও প্রশংসনীয় উদ্যোগ স্থানীয় জনগণের জন্য চিকিৎসাসেবা প্রাপ্তি অনেক বেশি সহজ করে তুলবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর