রাজধানীর উত্তরখানে পরিচ্ছন্নকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে গিয়ে হামলার শিকার হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান ও স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেন। ডিএনসিসির দাবি, নেপচুন এক্সেসরিজ নামে একটি গার্মেন্টস প্রতিষ্ঠানের ‘ভাড়াটে সন্ত্রাসীরা’ অতর্কিতভাবে এই হামলা চালিয়েছে।
রোববার (২ আগস্ট) ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মো. জাকির হোসেন পাঠানো এক জরুরি বার্তায় এ তথ্য জানানো হয়।
ডিএনসিসি জানায়, উত্তর সিটির অঞ্চল-৮-এর ৪৬ নম্বর ওয়ার্ডের উত্তরখান রাজাবাড়ি এসটিএস (সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন) এলাকায় দুপুরে পরিচ্ছন্নকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে চারজন গুরুতর আহতসহ ১৫ থেকে ২০ জন পরিচ্ছন্নতাকর্মী আহত হন। গুরুতর আহত চারজনকে উত্তরা কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যান ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, স্থানীয় এমপি জাহাঙ্গীর হোসেন এবং ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার। এ সময় হামলাকারীরা তাদের ওপরও চড়াও হয়ে হামলা চালায় বলে অভিযোগ করেছে ডিএনসিসি।
এ বিষয়ে উত্তরা বিভাগের উপকমিশনার মির্জা তারেক আহমেদ বেগ বলেন, ঘটনাস্থলে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন পরিচ্ছন্নতাকর্মী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়েছে। সিটি করপোরেশনের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা হলে আটক ব্যক্তিদের ওই মামলায় গ্রেপ্তার দেখানো হবে।
পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
অন্যদিকে, আহত পরিচ্ছন্নতাকর্মীদের দেখতে কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে যান ডিএনসিসি প্রশাসক ও স্থানীয় এমপি। এ সময় প্রশাসক বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, নেপচুন এক্সেসরিজের ‘ভাড়াটে সন্ত্রাসী’ জড়িত থাকার অভিযোগটি ডিএনসিসির দাবি। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর