• ঢাকা
  • ঢাকা, সোমবার, ০৩ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
সোলায়মান বাবু
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৬, ১১:৩৫ দুপুর

সরিষাবাড়ীতে পৃথক ঘটনায় নারী-শিশুসহ তিনজনের মৃত্যু

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

জামালপুরের সরিষাবাড়ীতে পৃথক ঘটনায় নারী ও শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পানিতে ডুবে এক শিশু, গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূ এবং সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক মারা গেছেন।

রোববার (২ আগস্ট) বিকেলে সরিষাবাড়ী পৌরসভার চর-ধানাটা গ্রামে ডোবার পানিতে ডুবে সাখাওয়াত হোসেন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়। সে ওই গ্রামের অটোচালক সুমন মিয়ার একমাত্র ছেলে। স্থানীয়রা জানান, বাড়ির পাশে ডোবার পানিতে পড়ে যাওয়া ফুটবল তুলতে গিয়ে সাখাওয়াত ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

একই দিন দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বৈসের চর গ্রামে সাদিয়া সাবরিন বৃষ্টি (১৯) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, স্বামীর সঙ্গে অভিমান করে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এর আগে শনিবার রাত ১১টার দিকে সরিষাবাড়ী পৌরসভার পঞ্চপীর বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় আকরাম হোসেন (২২) নামে এক মোটরসাইকেলচালক নিহত হন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, পঞ্চপীর বাজারে ফাহাদের দোকানের সামনে মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলচালক আকরাম গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত আকরাম কুমিল্লা জেলার চাঁদপুর উপজেলার বাসিন্দা। আহত মোটরসাইকেল আরোহী নিরব (২১) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং ভ্যানযাত্রী আমিনুল ইসলাম (৪৫) সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সামিউল হক বলেন, “শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। পানিতে ডুবেই তার মৃত্যু হয়েছে।”

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেনের বক্তব্য নেওয়ার জন্য মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]