• ঢাকা
  • ঢাকা, সোমবার, ০৩ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ২১ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৬, ০৪:৪১ দুপুর

শেখ হাসিনার ভাষায় কথা বলছে বিরোধী দল: মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

বিরোধী দলের নেতারা এখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো ভাষায় কথা বলছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গণতন্ত্রে বিরোধী দলের সমালোচনার অধিকার রয়েছে, তবে সেই সমালোচনা সংসদের ভেতরে হওয়াই গণতান্ত্রিক চর্চার জন্য সবচেয়ে উপযোগী।

সোমবার (৩ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্য দিয়ে দেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের সুযোগ সৃষ্টি হয়েছে। অন্তর্বর্তী সরকার সেই পরিবেশ তৈরির চেষ্টা করেছে এবং সে সময় জুলাই সনদ প্রণয়ন সম্ভব হয়েছে। তবে একটি মহল বিএনপি জুলাই সনদ গ্রহণ করছে না—এমন বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, বিএনপি সংস্কারের মধ্য দিয়েই এগিয়ে এসেছে এবং কখনোই জোরপূর্বক ক্ষমতা দখল করেনি। জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করেছে দলটি। জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি অনাগ্রহী—এমন বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি।

জুলাই সনদের গণভোট প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, গণভোটে উত্থাপিত চারটি প্রশ্নের মধ্যে তিনটিতে বিএনপি একমত হয়েছিল। তবে সংবিধান সংস্কার কমিশনের বিষয়ে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে পর্যাপ্ত আলোচনা ছাড়াই সিদ্ধান্ত নিয়েছিল, যা বিএনপি কখনো সমর্থন করেনি। এ বিষয়ে দলটি শুরু থেকেই আপত্তি জানিয়ে এসেছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, সরকার গঠনের পর বিএনপি জুলাই ঘোষণার প্রতিটি অংশে স্বাক্ষর করেছে এবং তা বাস্তবায়নের কাজও শুরু করেছে। ইতোমধ্যে এ লক্ষ্যে সংসদে একটি কমিটি গঠন করা হয়েছে। তবে ‘সংস্কার’ নাকি ‘সংশোধন’—এই শব্দগত বিষয় নিয়েও অপ্রয়োজনীয় বিভেদ সৃষ্টি করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

বিরোধী দলকে উদ্দেশ করে মির্জা ফখরুল বলেন, যেকোনো মতপার্থক্য সংসদে আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। তিনি বলেন, “আলোচনা করে সিদ্ধান্ত নিই। যদি একমত না হন, তাহলে সংসদ থেকে বেরিয়ে যাবেন। কিন্তু এখন যে ভাষায় বিরোধী দলের নেতারা কথা বলছেন, এভাবে কথা বলতেন শেখ হাসিনা। আজ একইভাবে আমাদের বিরোধীদলীয় নেতারা কথা বলতে শুরু করেছেন।”

তিনি আরও বলেন, বিরোধী দল সরকারের সমালোচনা করবে এবং ভুলত্রুটি তুলে ধরবে—এটাই গণতন্ত্রের সৌন্দর্য। তবে সেই সমালোচনা যেন সংঘাতের দিকে না যায়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। রাস্তায় আন্দোলন গণতান্ত্রিক অধিকার হলেও তা যেন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না করে, সে আহ্বান জানান তিনি।

সরকারের কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী প্রতিনিয়ত মানুষের কল্যাণে কাজ করছেন। সরকারকে সহযোগিতা করার পরিবর্তে শুধু নেতিবাচক বক্তব্য দিলে দেশের অগ্রযাত্রা ব্যাহত হবে। সংঘাত ও সহিংসতার পরিবেশ তৈরি হলে উন্নয়ন ও গণতন্ত্র—দুটিই ক্ষতিগ্রস্ত হবে বলে তিনি মন্তব্য করেন।

গণমাধ্যম প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বর্তমানে সরকারের পক্ষ থেকে সংবাদমাধ্যমের ওপর কোনো হস্তক্ষেপ নেই, যা একটি ইতিবাচক পরিবর্তন। পাশাপাশি বেকার সাংবাদিকদের কর্মসংস্থানের বিষয়টি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলেও জানান তিনি।

তিনি বলেন, বাংলাদেশের সামনে এখনও অনেক চ্যালেঞ্জ রয়েছে। তাই সহনশীলতা, পারস্পরিক সহযোগিতা এবং ধৈর্যের মাধ্যমে এগিয়ে যেতে হবে। মাত্র পাঁচ মাসে সরকারের কাছে সব সমস্যার সমাধান প্রত্যাশা করা বাস্তবসম্মত নয় বলেও মন্তব্য করেন তিনি।

বক্তব্যের শেষাংশে জুলাই গণঅভ্যুত্থানসহ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নিহত শহীদদের পরিবারের দায়িত্ব রাষ্ট্রকে নেওয়ার আহ্বান জানান বিএনপির মহাসচিব। তিনি বলেন, শহীদদের পরিবার ও সন্তানদের কল্যাণ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে তিনি আশা করেন।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, বিএফইউজের মহাসচিব কাদের গণি চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশিদ আলমসহ বিভিন্ন গণমাধ্যম ও সাংবাদিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]