বাংলাদেশে কৃষি উদ্ভাবন, অর্থনৈতিক সংস্কার, ব্যবসায় অর্থায়ন এবং বাণিজ্য সম্প্রসারণে ৪৫ মিলিয়ন কানাডীয় ডলার বা প্রায় ৩৯০ কোটি টাকার অনুদান ঘোষণা করেছে কানাডা। দেশটির আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সারাইয়ের বাংলাদেশ সফরকালে চারটি নতুন উদ্যোগের আওতায় এ সহায়তার ঘোষণা দেওয়া হয়।
রবিবার (১৮ অক্টোবর) ঢাকার কানাডীয় হাইকমিশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১১ থেকে ১৪ অক্টোবর বাংলাদেশ সফর করেন কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সারাই। দুই দেশের কৌশলগত অংশীদারত্ব জোরদার এবং জনগণের জন্য উন্নয়ন ও সমৃদ্ধির নতুন সুযোগ তৈরির লক্ষ্যেই ছিল তাঁর এ সফর।
চারটি উদ্যোগের মধ্যে বায়োএন্টারপ্রাইজ কানাডাকে ১৮ মিলিয়ন কানাডীয় ডলার অনুদান দেওয়া হবে। কানাডার কৃষি খাতের উদ্ভাবকদের সঙ্গে বাংলাদেশের কৃষি ও খাদ্য খাতের সংযোগ বাড়িয়ে খাদ্যনিরাপত্তা জোরদার করা হবে এ উদ্যোগের লক্ষ্য।
এ ছাড়া কোওয়াটার ইন্টারন্যাশনালকে ১৮ মিলিয়ন কানাডীয় ডলার দেওয়া হবে ব্যবসায়িক পরিবেশ উন্নয়ন, নিয়ন্ত্রণব্যবস্থা সহজ করা এবং বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোর কানাডাসহ আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ বাড়াতে।
অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংস্কারের অগ্রাধিকারমূলক উদ্যোগ এগিয়ে নিতে বিশ্বব্যাংককে দেওয়া হবে ৫ মিলিয়ন কানাডীয় ডলার। অন্যদিকে, বেসরকারি খাতের বিকাশ এবং ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর অর্থায়নের সুযোগ বাড়াতে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনকে (আইএফসি) দেওয়া হবে ৪ মিলিয়ন কানাডীয় ডলার।
কানাডীয় হাইকমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ও কানাডার মধ্যে পাঁচ দশকেরও বেশি সময় ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও উন্নয়ন সহযোগিতা অব্যাহত রয়েছে। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে দেশটি ৬ দশমিক ৩ বিলিয়ন কানাডীয় ডলারের বেশি উন্নয়ন সহায়তা দিয়েছে। ২০২৫ সালে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ৪ বিলিয়ন কানাডীয় ডলার ছাড়িয়েছে।
সফরকালে প্রতিমন্ত্রী সারাই ঢাকার আশকোনায় ব্র্যাকের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণকেন্দ্র পরিদর্শন করেন। সেখানে কানাডার সহায়তায় তরুণ-তরুণীরা, বিশেষ করে নারীরা, কীভাবে দক্ষতা অর্জন করে কর্মসংস্থানের সুযোগ তৈরি করছেন, তা দেখেন তিনি। কানাডা, ব্র্যাক ও অস্ট্রেলিয়ার বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়নে গত পাঁচ বছরে ৪৪ মিলিয়ন কানাডীয় ডলার সহায়তা দেওয়া হয়েছে।
ঢাকায় আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। কানাডার সহায়তায় পরিচালিত গবেষণা কীভাবে সাশ্রয়ী ও জীবনরক্ষাকারী স্বাস্থ্যসেবা উদ্ভাবনে ভূমিকা রাখছে, সে সম্পর্কে তিনি অবগত হন।
আইসিডিডিআর,বির প্রাতিষ্ঠানিক কার্যক্রম পরিচালনায় কানাডা ১৫ মিলিয়ন কানাডীয় ডলার অনুদান দিয়েছে। এ ছাড়া যৌন ও প্রজননস্বাস্থ্যবিষয়ক গবেষণার জন্য সংস্থাটিকে আরও ২৪ মিলিয়ন কানাডীয় ডলার সহায়তা দেওয়া হয়েছে।
কক্সবাজার সফরে প্রতিমন্ত্রী সারাই বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেন। ২০১৮ সাল থেকে রোহিঙ্গা শরণার্থী ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর শিক্ষা, দক্ষতা প্রশিক্ষণ এবং জীবিকার সুযোগ সম্প্রসারণে কানাডার ৬০০ মিলিয়ন কানাডীয় ডলারের বেশি সহায়তার বিষয়েও তিনি অবগত হন।
এ সময় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে রোহিঙ্গা সংকট মোকাবিলায় কানাডা, বাংলাদেশ ও আঞ্চলিক অংশীদারদের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।
কক্সবাজারে আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্রের (সিমিট) একটি প্রদর্শনী কেন্দ্রও পরিদর্শন করেন কানাডার প্রতিমন্ত্রী। গবেষণার মাধ্যমে ফসলের উৎপাদন বৃদ্ধি, খাদ্যের চাহিদা পূরণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কৃষকদের সহায়তার বিষয়টি তিনি প্রত্যক্ষ করেন। বাংলাদেশের খাদ্য উৎপাদন ও অর্থনৈতিক সুযোগ বাড়াতে কৃষিতে উদ্ভাবনী পদ্ধতি ও প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণে সিমিট বায়োএন্টারপ্রাইজ কানাডার সঙ্গে কাজ করবে।
ঢাকায় সফরের শেষ পর্যায়ে গিলডান অ্যাকটিভওয়্যার বাংলাদেশ লিমিটেড পরিদর্শন করেন প্রতিমন্ত্রী সারাই। প্রতিষ্ঠানটি বাংলাদেশের তৈরি পোশাক খাতে কানাডার বৃহত্তম বিনিয়োগকারী হিসেবে পরিচিত। বাংলাদেশে প্রতিষ্ঠানটির উৎপাদন ও তথ্যপ্রযুক্তিসংক্রান্ত কার্যক্রম রয়েছে।
পরিদর্শনকালে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, ব্যবসায়িক কার্যক্রমের প্রবৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি কর্মীদের দক্ষতা উন্নয়ন এবং ব্যবসা ও বিনিয়োগের অনুকূল পরিবেশ নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
কানাডার নতুন অনুদান ও চলমান সহযোগিতামূলক কার্যক্রম বাংলাদেশের কৃষি, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং বেসরকারি খাতের উন্নয়নে দুই দেশের অংশীদারত্ব আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর