বসতবাড়ির আড়ালে অবৈধভাবে চায়না দুয়ারি জাল তৈরি করা হয় , এমন গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের পশ্চিম বোয়ালিয়া গ্রামে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
এ সময় আনুমানিক ৩ থেকে ৪ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল তৈরির সরঞ্জাম, মেশিন ও লোহার অ্যাঙ্গেল জব্দ করা হয়।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে কালুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামস্ সাদাত মাহমুদ উল্লাহর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে বোয়ালিয়া ইউনিয়নের পশ্চিম বোয়ালিয়া গ্রামের মো. ইউনুস শেখের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে অবৈধ চায়না দুয়ারি জাল তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। জব্দ করা মালামালের মধ্যে জাল তৈরির মেশিন, লোহার অ্যাঙ্গেলসহ অন্যান্য উপকরণ রয়েছে। এসব মালামালের আনুমানিক মূল্য ৩ থেকে ৪ লাখ টাকা বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
কালুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামস্ সাদাত মাহমুদ উল্লাহ বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অবৈধ চায়না দুয়ারি জাল তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। চায়না দুয়ারি জাল জলজ সম্পদের জন্য অত্যন্ত ক্ষতিকর। এ ধরনের জাল উৎপাদন ও ব্যবহার বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত মেশিন, লোহার অ্যাঙ্গেলসহ অন্যান্য মালামাল আইনানুগ প্রক্রিয়ায় নিলামে তোলা হবে।"
তিনি আরও বলেন, অবৈধ চায়না দুয়ারি জাল উৎপাদন ও ব্যবহারের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং জলজ সম্পদ রক্ষায় এ ধরনের কার্যক্রমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর