বিশ্বকাপের রোমাঞ্চ শেষ হলেও বিশ্রামের সুযোগ নেই আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের। লিওনেল স্কালোনির অধীনে আলবিসেলেস্তেরা আগামী সেপ্টেম্বর ও অক্টোবরের আন্তর্জাতিক উইন্ডোতে আবারও মাঠে নামবে প্রীতি ম্যাচ খেলতে।
আর্জেন্টাইন সাংবাদিক মার্তিন আরেভালোর তথ্য অনুযায়ী, এই সময়ে আর্জেন্টিনা মোট তিনটি প্রীতি ম্যাচ খেলবে। এর মধ্যে একটি ম্যাচ অনুষ্ঠিত হবে আর্জেন্টিনার মাটিতে, আর বাকি দুটি হবে চীনে। মুন্দো আলবিসেলেস্তোর প্রতিবেদনে জানানো হয়েছে, ফিফার আন্তর্জাতিক প্রীতি ম্যাচ সূচির অংশ হিসেবেই এই ম্যাচগুলো আয়োজন করা হচ্ছে।
শুধু সেপ্টেম্বর-অক্টোবর নয়, নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতেও আরও কয়েকটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে আর্জেন্টিনার। তবে সেই ম্যাচগুলোর প্রতিপক্ষ ও ভেন্যু এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা আর্জেন্টাইন সমর্থকদের কথা বিবেচনা করে এবং বাণিজ্যিক সম্ভাবনাকে গুরুত্ব দিয়েই এসব ম্যাচের ভেন্যু নির্ধারণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) শিগগিরই প্রতিপক্ষ, তারিখ ও পূর্ণাঙ্গ সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে।
সংক্ষেপে আর্জেন্টিনার সাফল্যের ইতিহাস
আর্জেন্টিনা বিশ্ব ফুটবলের অন্যতম সফল দল। তারা এখন পর্যন্ত তিনবার ফিফা বিশ্বকাপ (১৯৭৮, ১৯৮৬ ও ২০২২) জিতেছে। এছাড়া ১৬ বার কোপা আমেরিকা শিরোপা জিতে দক্ষিণ আমেরিকার অন্যতম সফল দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। সাম্প্রতিক বছরগুলোতে লিওনেল স্কালোনির অধীনে দলটি ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা এবং ২০২২ বিশ্বকাপ জিতে বিশ্ব ফুটবলে নিজেদের আধিপত্য আরও শক্তিশালী করেছে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর