রাজধানীতে নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১০০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী ১ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা মহানগরী উত্তরের প্রতিটি প্রশাসনিক ওয়ার্ডে প্রতিদিন একটি করে নাগরিক সমাবেশ করবে দলটি। পাশাপাশি মিছিল, সভা ও গণসংযোগ কর্মসূচিও পালন করা হবে।
শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
তিনি জানান, জামায়াতের কেন্দ্রীয়ভাবে ঘোষিত ৪০ দিনের কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে ঢাকা মহানগরী উত্তর আরও ৬০ দিনের কর্মসূচি গ্রহণ করেছে। সব মিলিয়ে ১০০ দিনব্যাপী কর্মসূচি পালন করা হবে।
সেলিম উদ্দিন বলেন, নিরাপদ রাজধানী গড়ার দাবিতে ১ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত মহানগরী উত্তরের প্রতিটি প্রশাসনিক ওয়ার্ডে প্রতিদিন বড় নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হবে। এসব সমাবেশে দল-মত, ধর্ম, বর্ণ ও জাতি-নির্বিশেষে সর্বস্তরের মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানানো হবে। প্রতিটি সমাবেশকে কেন্দ্র করে একাধিক মিছিল, সভা ও গণসংযোগ কর্মসূচিও থাকবে।
তিনি আরও জানান, জামায়াতের শ্রমিক, পেশাজীবী ও নারী সংগঠনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এসব কর্মসূচিতে অংশ নেবেন। রমজান মাসে ধর্মীয় মর্যাদা বিবেচনায় রেখে ইফতার মাহফিল ও গণসংযোগসহ বিভিন্ন আয়োজন করা হবে। ফেব্রুয়ারি শেষে মার্চে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ
সংবাদ সম্মেলনে দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ, হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় জননিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। নাগরিকদের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
বিএনপি সরকার ও বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে সেলিম উদ্দিন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে সরকারের দাবি এবং মাঠপর্যায়ে সাধারণ মানুষের নিরাপত্তাবোধের মধ্যে যেন ব্যবধান তৈরি না হয়। সহিংসতা, অগ্নিসংযোগ ও নাশকতা প্রতিরোধে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
এ সময় সরকারের প্রতি পাঁচ দফা আহ্বান জানান তিনি। এগুলো হলো—
১. প্রতিটি সহিংসতা ও নাশকতার নিরপেক্ষ তদন্ত করে দ্রুত বিচার নিশ্চিত করা।
২. অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে সবাইকে আইনের আওতায় আনা।
৩. পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করা।
৪. চাঁদাবাজি, দখলদারত্ব, সন্ত্রাস ও রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া।
৫. জনগণের জানমাল, ব্যবসাপ্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও রাষ্ট্রীয় স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা।
রাজনৈতিক কর্মসূচির নামে সহিংসতার বিরোধিতা করে তিনি বলেন, বৈধ রাজনীতি, মতপ্রকাশ ও আন্দোলন-সংগ্রাম করার অধিকার সবার রয়েছে। তবে এর মাধ্যম কখনো সন্ত্রাস, বোমাবাজি, অস্ত্রবাজি কিংবা সাধারণ মানুষের ওপর হামলা হতে পারে না। কোনো রাজনৈতিক পরিচয় অপরাধের দায়মুক্তি দিতে পারে না।
জুলাই সনদ বাস্তবায়নের দাবি
সংবাদ সম্মেলনে জুলাই সনদ বাস্তবায়নের দাবিও পুনর্ব্যক্ত করেন সেলিম উদ্দিন। তাঁর অভিযোগ, সরকার জুলাই সনদে স্বাক্ষর করেছিল এবং জনগণকে 'হ্যাঁ' ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিল। ভোটারদের প্রায় ৭০ শতাংশ সনদের পক্ষে মত দেওয়ার পরও রাষ্ট্রীয় সংস্কারের কার্যক্রমে সরকার আগ্রহ দেখাচ্ছে না।
তিনি আরও অভিযোগ করেন, সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোরে কর্তৃত্ববাদ প্রতিষ্ঠার চেষ্টা চলছে। জাতির সংকট কাটাতে জনগণকে ঐক্যবদ্ধ করার জন্য সবার আগে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে হবে। সংসদে জুলাই সংস্কার পরিষদের শপথ নিয়ে সনদের বিষয়গুলো কার্যকর করার পাশাপাশি প্রশাসনিক কাঠামো, আইনশৃঙ্খলা ও বিচারব্যবস্থায় সংস্কার আনতে হবে।
জামায়াতে ইসলামী গঠনমূলক সহযোগিতার নীতিতে বিশ্বাসী উল্লেখ করে তিনি বলেন, জনগণের অধিকার, নিরাপত্তা ও ন্যায়বিচার এবং জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে কোনো ধামাচাপা বা গড়িমসি মেনে নেওয়া হবে না।
নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে সেলিম উদ্দিন বলেন, সবাইকে শান্ত ও সচেতন থাকতে হবে। গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে উসকানি ও সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন। অপরাধ ও অন্যায়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে হবে।
নাগরিকদের জন্য ডিজিটাল অ্যাপ তৈরির উদ্যোগ
সংবাদ সম্মেলনে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের উদ্যোগে নাগরিকদের জন্য একটি ডিজিটাল অ্যাপ তৈরির কথাও জানান সেলিম উদ্দিন। তিনি বলেন, অ্যাপটির মাধ্যমে ঘরে বসেই কয়েক ডজন সেবা পাওয়া যাবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে পরবর্তী সময়ে সংবাদ সম্মেলন করা হবে। এ ছাড়া নাগরিক সচেতনতা বাড়াতে আরও কিছু প্রচারাভিযানের প্রস্তুতি চলছে।
সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরীর নায়েবে আমির আব্দুর রহমান মূসা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর নায়েবে আমির ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লা, ডা. ফখরুদ্দিন মানিক, ইয়াসিন আরাফাত এবং প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকারসহ অন্য নেতারা।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর