অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল।
মূল সিরিজ শুরুর আগে বৃহস্পতিবার (৬ আগস্ট) প্রস্তুতি ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের মুখোমুখি হয় টাইগাররা।
প্রথমে ব্যাট করতে নেমে মেহেদী হাসান মিরাজের দারুণ সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশ অলআউট হওয়ার আগে ২৬৩ রান সংগ্রহ করে। জবাবে দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত ২ উইকেট হারিয়ে ৫১ রান করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। ফলে দ্বিতীয় দিনের খেলা শুরু করবে তারা ২১২ রানে পিছিয়ে থেকে।
দিনের খেলা শেষে নিজের ইনিংস নিয়ে সন্তুষ্টির কথা জানিয়ে মিরাজ বলেন, শুরুটা মোটেও সহজ ছিল না। প্রতিপক্ষের বোলাররা ধারাবাহিকভাবে ভালো জায়গায় বল করায় ধৈর্য ধরে ব্যাট করতে হয়েছে।
তিনি বলেন, “শুরুর দিকে উইকেটে ব্যাট করা বেশ চ্যালেঞ্জিং ছিল। আমি শুধু বলের মেরিট অনুযায়ী খেলতে চেয়েছি। ওদের বোলাররা খুব ভালো জায়গায় বোলিং করেছে।”
অস্ট্রেলিয়ার কন্ডিশনে এটিই তার প্রথম ম্যাচ উল্লেখ করে এই অলরাউন্ডার বলেন, “এই কন্ডিশনে প্রথমবার খেলছি, তাই নিজেকে মানিয়ে নেওয়াই ছিল মূল লক্ষ্য। শুরুতে রান করার চেয়ে উইকেটে টিকে থাকা এবং একটি ভালো জুটি গড়ার দিকেই মনোযোগ দিয়েছি। পরে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারায় রান করাটা সহজ হয়ে গেছে।”
আসন্ন টেস্ট সিরিজের আগে এই সেঞ্চুরি যে তার আত্মবিশ্বাস বাড়াবে, সেটিও উল্লেখ করেন মিরাজ।
তার ভাষায়, “অবশ্যই সামনে টেস্ট সিরিজ রয়েছে। এই সেঞ্চুরি আমাকে অনেক আত্মবিশ্বাস দেবে। আমি যে মানসিকতা নিয়ে ব্যাট করেছি, সেটা যদি ধরে রাখতে পারি, তাহলে আমার জন্য যেমন ভালো হবে, তেমনি দলের জন্যও ইতিবাচক হবে।”
প্রস্তুতি ম্যাচে মিরাজের এই সেঞ্চুরি আসন্ন টেস্ট সিরিজের আগে বাংলাদেশের জন্য বড় ইতিবাচক দিক হিসেবে দেখা হচ্ছে। অস্ট্রেলিয়ার কন্ডিশনে তার এই ইনিংস দলকে যেমন স্বস্তি দিয়েছে, তেমনি ব্যাটিং ইউনিটের আত্মবিশ্বাসও বাড়িয়েছে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর