বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে আম্পায়ারের নির্দেশ অমান্য করে সময় নষ্টের অভিযোগে শাস্তি পেয়েছেন আফগানিস্তানের ব্যাটার আফসার জাজাই। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আচরণবিধি ভঙ্গ করায় তাকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা হয়েছে। পাশাপাশি তার শৃঙ্খলাজনিত রেকর্ডে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।
ম্যাচে আফগানিস্তানের দ্বাদশ খেলোয়াড়ের দায়িত্বে ছিলেন জাজাই। এ সময় মাঠে প্রবেশ না করা এবং সময় নষ্ট বন্ধ করার জন্য আম্পায়াররা তাকে একাধিকবার নির্দেশ দেন। তবে সেই নির্দেশ অমান্য করেন তিনি। পরে ইনিংসের ১৩৯তম ওভারেও আম্পায়ারদের অনুমতি ছাড়াই মাঠে প্রবেশ করেন এই আফগান ক্রিকেটার।
আইসিসির আচরণবিধির ২.৪ ধারা ভঙ্গের দায়ে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ধারা অনুযায়ী, আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের নির্দেশ অমান্য করা প্রথম স্তরের অপরাধ হিসেবে বিবেচিত হয়।
জাজাই নিজের অপরাধ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। ম্যাচ রেফারি ডেভ গিলবার্টের প্রস্তাবিত শাস্তিও মেনে নিয়েছেন তিনি। গত ২৪ মাসে এটিই তার প্রথম অপরাধ।
আবুধাবি টেস্টের শেষ দিনে দুই উইকেট হাতে রেখেই বাংলাদেশের বিপক্ষে ম্যাচ ড্র করে আফগানিস্তান। শেষ দিকে ক্রিজে থাকা কায়েস আহমেদের শারীরিক সমস্যার কারণে খেলা কিছু সময়ের জন্য বন্ধ থাকলেও এ ঘটনায় তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।
জাজাইয়ের বিরুদ্ধে অভিযোগ আনেন ম্যাচের আম্পায়ার আহসান রাজা ও আল্লাহুদ্দিন পালেকার, তৃতীয় আম্পায়ার আসিফ ইয়াকুব এবং চতুর্থ আম্পায়ার ইজাতুল্লাহ সাফি।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর