বলিউডের ‘কিং খান’ শাহরুখ খান আবারও ভারতের সবচেয়ে মূল্যবান সেলিব্রিটি ব্র্যান্ডের স্বীকৃতি অর্জন করেছেন। ক্রল সেলিব্রিটি ব্র্যান্ড ভ্যালুয়েশন রিপোর্ট ২০২৫ অনুযায়ী, তার ব্র্যান্ড মূল্য পৌঁছেছে ১৭ কোটি ৭৯ লাখ মার্কিন ডলারে। এর মাধ্যমে তিনি ক্রিকেট তারকা বিরাট কোহলিকে পেছনে ফেলে তালিকার শীর্ষস্থান দখল করেছেন।
বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে শাহরুখের ব্র্যান্ড মূল্য ছিল ১৪ কোটি ৫৭ লাখ মার্কিন ডলার। এক বছরের ব্যবধানে তা বেড়েছে প্রায় ২২ শতাংশ। আর ২০২৩ সালে তার ব্র্যান্ড মূল্য ছিল ১২ কোটি ৭ লাখ ডলার। অর্থাৎ, মাত্র দুই বছরে তার ব্র্যান্ড ভ্যালু বেড়েছে প্রায় ৪৭ শতাংশ।
২০২৪ সালের তালিকায় শাহরুখ তৃতীয় অবস্থানে থাকলেও ২০২৫ সালে এক লাফে উঠে এসেছেন শীর্ষে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতের শীর্ষ ২৫ সেলিব্রিটির সম্মিলিত ব্র্যান্ড মূল্য বর্তমানে প্রায় ২০০ কোটি মার্কিন ডলার।
গত এক বছরে একাধিক নতুন প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন শাহরুখ। এর মধ্যে রয়েছে ক্যাস্ট্রল, জয় পার্সোনাল কেয়ার এবং ক্যান্ডেরে। পাশাপাশি হুন্দাই, এলজি, মিন্ত্রা ও এয়ারবিএনবির মতো আন্তর্জাতিক ও দেশীয় প্রতিষ্ঠানের সঙ্গে তার দীর্ঘদিনের অংশীদারিত্বও অব্যাহত রয়েছে। ফলে অটোমোবাইল, প্রযুক্তি, ফ্যাশন, ভ্রমণ ও লাইফস্টাইলসহ বিভিন্ন খাতে তার ব্র্যান্ড উপস্থিতি আরও শক্তিশালী হয়েছে।
অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপন ও ব্র্যান্ড দুনিয়ায় শাহরুখের এই সাফল্য তার জনপ্রিয়তা ও বাজারমূল্যের নতুন প্রমাণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
এদিকে, ক্যারিয়ারের নতুন অধ্যায়ে বর্তমানে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন শাহরুখ। এই ছবিতে প্রথমবারের মতো তার সঙ্গে বড় পর্দায় দেখা যাবে মেয়ে সুহানা খানকেও।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
বিনোদন এর সর্বশেষ খবর