জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের জরুরি চিকিৎসাসেবা সহজলভ্য করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একটি অ্যাম্বুলেন্স হস্তান্তর করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ১২টায় উপাচার্য ভবনের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে অ্যাম্বুলেন্সটি প্রশাসনের কাছে বুঝিয়ে দেওয়া হয়। এ সময় জকসুর নেতারা সাম্প্রতিক সময়ে জকসু ও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানান।
অনুষ্ঠানে জকসুর শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক ইব্রাহিম খলিল বলেন, শিক্ষার্থীদের ন্যায্য দাবিদাওয়া আদায়ের আন্দোলনে সংঘটিত হামলা অত্যন্ত নিন্দনীয়। পাশাপাশি হাসপাতালে শিক্ষার্থীদের ওপর হামলা এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য যে নিরাপত্তাহীন পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তা গভীর উদ্বেগের বিষয়। এসব ঘটনার প্রেক্ষাপটে উপাচার্যের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে, যেখানে শিক্ষার্থীদের বিভিন্ন দাবি তুলে ধরা হয়েছে।
জকসুর ভিপি রিয়াজুল ইসলাম বলেন, নির্বাচনের আগে শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতির অংশ হিসেবেই জকসু এই অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছে। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, প্রক্টর, পরিবহন প্রশাসক ও ছাত্রকল্যাণ দপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে অ্যাম্বুলেন্সটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, সাম্প্রতিক হামলার ঘটনায় ৭০ জনের বেশি শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনার সুষ্ঠু বিচার, দায়ীদের শাস্তি এবং ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। স্মারকলিপিতে হামলায় জড়িত বহিরাগত, অছাত্র ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে ক্যাম্পাসে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে একটি কার্যকর ‘কোড অব কন্ডাক্ট’ প্রণয়নের আহ্বান জানানো হয়।
এ ছাড়া জকসুর পক্ষ থেকে তিন দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো— দ্বিতীয় ক্যাম্পাসের দ্বিতীয় ধাপের নির্মাণকাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর, বরাদ্দকৃত ২০ কোটি টাকা ব্যয়ে চলতি বছরের মধ্যেই ১ হাজার ৬০০ শিক্ষার্থীর জন্য অস্থায়ী আবাসন নির্মাণ এবং বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে একজন চিকিৎসক ও একজন টেকনিশিয়ান নিয়োগ।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর