• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১ সেকেন্ড পূর্বে
আবুবকর সম্পদ
জবি প্রতিনিধি
প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৬, ১১:১১ রাত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব দর্শন দিবস উদযাপন ও নবীনবরণ-বিদায় অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের আয়োজনে বিশ্ব দর্শন দিবস-২০২৬ উদযাপন, বিভাগের ২০তম ও ২১তম ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ এবং ১৫তম ও ১৬তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন বলেন, পৃথিবী, প্রকৃতি, মানুষের আগমন ও প্রস্থান এবং সৃষ্টির রহস্য নিয়ে গভীর অনুসন্ধানই দর্শনের মূল বিষয়। পৃথিবীতে যত সভ্যতার বিকাশ ঘটেছে, তার পেছনে দর্শনের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। দিন-রাত্রির আবর্তন থেকে শুরু করে বিশাল সাম্রাজ্য, অসীম আকাশ এবং মানবজীবনের উদ্দেশ্য—সবকিছু নিয়েই দর্শনের অনুসন্ধান। সৃষ্টিকর্তা আমাদের কেন সৃষ্টি করেছেন, এই সৃষ্টির মাধ্যমে তাঁর জন্য আমরা কী করেছি এবং পৃথিবীতে আমাদের বিচরণের পরিণতি কী—এ ধরনের মৌলিক প্রশ্নের উত্তর অনুসন্ধানে দর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দর্শন সৃষ্টিকর্তার অস্তিত্ব উপলব্ধি করার অন্যতম মাধ্যম।

তিনি আরও বলেন, নিজেদের ভাগ্যকে দোষারোপ করলেই চলবে না; বরং সৃষ্টিকর্তার প্রতিনিধি হিসেবে পৃথিবীতে প্রেরিত হয়ে তাঁর উদ্দেশ্য ও সন্তুষ্টি অর্জনে প্রত্যেককে নিজ-নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নিজের ভবিষ্যৎ ও ভাগ্য গড়ে তোলার দায়িত্বও নিজেদেরই নিতে হবে। স্বাধীনতার এত বছর পরও জাতি হিসেবে প্রত্যাশিত উন্নতি অর্জন করতে না পারার অন্যতম কারণ হলো, জাতীয়ভাবে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় সুস্পষ্ট দর্শন ও আদর্শের অভাব। দেশমাতৃকার প্রকৃত উন্নয়ন ও অগ্রগতির জন্য একটি সুসংহত দর্শন অর্জন জরুরি।

উপাচার্য বলেন, দার্শনিকদের হতে হবে নীতি-নৈতিকতা ও আদর্শের প্রতীক। প্রকৃত দার্শনিকেরা সামান্য ব্যক্তিস্বার্থের কাছে নিজেদের আদর্শ বিসর্জন দেন না। তাই শিক্ষার্থীদের জ্ঞানচর্চার পাশাপাশি নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। তিনি বিশ্বের প্রসিদ্ধ দার্শনিকদের বিভিন্ন তত্ত্ব ও দর্শন নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, দর্শনকে কোনো নির্দিষ্ট বিভাগ বা জ্ঞানশাখার মধ্যে সীমাবদ্ধ করে দেখার সুযোগ নেই। বর্তমান সময়ে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের নানা সংকট মোকাবিলায় দার্শনিক চিন্তা ও দার্শনিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি তাঁর বক্তব্যে ইন্টেলেকচুয়াল ভার্চু (বুদ্ধিবৃত্তিক গুণাবলি) ও মোরাল ভার্চু (নৈতিক গুণাবলি)-এর মধ্যে পার্থক্য তুলে ধরেন।

তিনি বলেন, কোনো বিষয়ে ভালো লাগা বা আগ্রহ তৈরি হওয়ার পাশাপাশি সেই বিষয়ে আন্তরিকভাবে শ্রম দিতে পারলেই প্রকৃত সাফল্য অর্জন সম্ভব। যেকোনো অর্জনকে টেকসই করতে মেধার পাশাপাশি সততা ও নৈতিকতার চর্চা অপরিহার্য।

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, প্রতিটি জ্ঞানশাখারই নিজস্ব কিছু মৌলিক মূল্যবোধ রয়েছে। দর্শনের ক্ষেত্রেও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় এসব মূল্যবোধ ও নৈতিক মানদণ্ডের গুরুত্ব অপরিসীম। দর্শনের চর্চা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ রাখলে চলবে না; বরং বাস্তব জীবনের প্রতিটি ক্ষেত্রে এর প্রয়োগ নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, দর্শন মানুষকে নৈতিক প্রশ্ন করতে শেখায় এবং কোন জ্ঞান, প্রজ্ঞা, নৈতিক চিন্তা ও জীবনবোধ মানুষের আচরণকে প্রভাবিত করে, তা অনুসন্ধানের সুযোগ তৈরি করে। দর্শন বিভাগের শিক্ষার্থীদের এসব প্রশ্নের উত্তর খুঁজতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির যুগে অন্যান্য বিষয়ের গ্রহণযোগ্যতা বাড়লেও দর্শনের প্রয়োজনীয়তা কোনোভাবেই কমে যায়নি। দৈনন্দিন জীবন ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে দর্শনের গুরুত্ব নিজেদের জ্ঞান, আচরণ ও সামগ্রিক সচেতনতার মাধ্যমে তুলে ধরতে হবে। অন্যথায় একসময় সমাজে দর্শনের প্রয়োজনীয়তা সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হতে পারে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আরজুমন্দ আরা বানু। দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সিত্তুল মুনা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, দর্শন বিভাগের শিক্ষকবৃন্দ বক্তব্য প্রদান করেন। এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষক, নবীন ও বিদায়ী শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানটি অয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. সিদ্ধার্থ শংকর জোয়ার্দ্দার।

অনুষ্ঠানের একটি বিশেষ পর্বে দর্শন বিভাগের বিদায়ী ১৬তম ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে প্রকাশিত ‘সত্যম’ শিরোনামের স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। পাশাপাশি নবীন শিক্ষার্থীদের বরণ এবং বিদায়ী শিক্ষার্থীদের আনুষ্ঠানিক বিদায় জানানো হয়। এদিকে সকালে বিশ্ব দর্শন দিবস উদযাপন উপলক্ষ্যে সকলের অংশগ্রহণে একটি র‌্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]