বলিউড সুপারস্টার সালমান খান, তার বোন আলভিরা খান অগ্নিহোত্রি এবং ‘বিইং হিউম্যান’ ব্র্যান্ডের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে দায়ের হওয়া ৩ কোটি রুপির প্রতারণা মামলায় নতুন মোড় এসেছে। চণ্ডীগড়ের একটি জেলা আদালত তাদের কাছে জবাব চেয়ে নোটিশ জারি করেছেন। আগামী ৫ অক্টোবর ২০২৬-এর মধ্যে আদালতে লিখিত বক্তব্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মামলার সূত্রপাত চণ্ডীগড়ের মণিমাজরা এলাকার ব্যবসায়ী অরুণ গুপ্তের অভিযোগ থেকে। তিনি ‘বিইং হিউম্যান জুয়েলারি’র একটি ফ্র্যাঞ্চাইজি নেওয়ার সময় সংস্থার পক্ষ থেকে বিভিন্ন আশ্বাস পান বলে দাবি করেছেন।
অরুণ গুপ্তের অভিযোগ, তাকে জানানো হয়েছিল সালমান খান জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’-এ তার শোরুমের প্রচার করবেন এবং চণ্ডীগড়ে এসে নিজেই উদ্বোধন করবেন। পাশাপাশি ব্যবসা পরিচালনায় প্রয়োজনীয় পণ্য সরবরাহ ও বিপণন সহায়তার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল।
এসব আশ্বাসের ভিত্তিতে তিনি প্রায় ৩ কোটি রুপি বিনিয়োগ করে শোরুম চালু করেন। তবে তার দাবি, উদ্বোধনের দিন সালমান খানের পরিবর্তে অভিনেতা আয়ুশ শর্মা উপস্থিত হন। পরে ২০২০ সালে কোম্পানির মূল গুদাম বন্ধ হয়ে যাওয়ায় নতুন পণ্যের সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
এ ঘটনায় নিজেকে প্রতারিত মনে করে ২০২১ সালে চণ্ডীগড় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন অরুণ গুপ্ত। সে সময় সালমান খান, আলভিরা খান এবং সংস্থার ৮ থেকে ১০ জন কর্মকর্তার বিরুদ্ধে সমন জারি করা হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়। তবে দীর্ঘ সময় পার হলেও তিনি কোনো ক্ষতিপূরণ বা সমাধান পাননি। পরে বিষয়টি আদালতে নিয়ে যান।
মামলার প্রাথমিক শুনানিতে আদালত বলেন, অভিযুক্তদের বক্তব্য না শুনে কোনো আইনি সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। তাই সালমান খান, আলভিরা খান অগ্নিহোত্রি এবং ‘বিইং হিউম্যান’-সংশ্লিষ্ট অভিযুক্তদের আগামী ৫ অক্টোবর ২০২৬-এর মধ্যে সশরীরে অথবা আইনজীবীর মাধ্যমে আদালতে লিখিত জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর