• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ০৭ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ২ সেকেন্ড পূর্বে
এনায়েত করিম
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২৬, ০৪:০৯ দুপুর

শুধু দল ভারী করতে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া উচিত নয়: ডা. শফিকুর রহমান

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, শুধু দল ভারী করার জন্য আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া উচিত হবে না।

তিনি বলেন, আওয়ামী লীগ এখনো অতীতের ঘটনাগুলোর জন্য জাতির কাছে দুঃখ প্রকাশ বা অনুশোচনা প্রকাশ করেনি। তাই কেবল রাজনৈতিক সমীকরণের কারণে তাদের রাজনীতিতে ফিরিয়ে আনা অন্যায় এবং এটি একটি জঘন্য অপরাধ হবে।

শুক্রবার (০৭ আগস্ট )সকালে বাগেরহাট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন,আমরা মনে করি না এখনই তারা রাজনীতিতে আসুক।

এই দেশের রাজনীতিকে তারাই ধ্বংস করেছে। তারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। অসংখ্য মায়ের বুক খালি হয়েছে, অসংখ্য মানুষ গুম হয়েছে, আর গুম হওয়া অনেকেই এখনো ফিরে আসেনি। এমন পরিস্থিতিতে কীভাবে আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরে আসবে? তিনি আরও বলেন,যে দল অসংখ্য মানুষকে গুম করেছে, হত্যা করেছে, বহু মানুষকে পঙ্গু করেছে এবং একটি পুরো প্রজন্মের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদের মধ্যে এখনো কোনো অনুশোচনা দেখা যায়নি।

শুধু দল ভারী করার জন্য তাদের রাজনীতিতে আনা অন্যায় ও জঘন্য অপরাধ। সরকারের দায়িত্ব প্রসঙ্গে জামায়াতের আমির বলেন,দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা করা সরকারের দায়িত্ব। সরকার যত দক্ষতার সঙ্গে এই দায়িত্ব পালন করবে, দেশ তত সুন্দরভাবে পরিচালিত হবে। সংসদে যেখানে সহযোগিতা প্রয়োজন সেখানে আমরা সহযোগিতা করছি, আর যেখানে বিরোধিতা প্রয়োজন সেখানে গঠনমূলক বিরোধিতা করছি। জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, এখনো আমরা দুই মেরুতে অবস্থান করছি। দেশের ৭০ শতাংশ মানুষের রায়কে অবশ্যই সম্মান করতে হবে।

কোনো অবস্থাতেই সেই রায়কে অপমান করতে দেওয়া হবে না। সংসদে বিরোধীদলের ভূমিকা নিয়ে এক প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন,এক সময় সংসদে মারামারি হয়েছে, ফাইল ছুড়ে মারা হয়েছে, একে অপরের দিকে তেড়ে যাওয়া হয়েছে এবং অশালীন ভাষায় গালিগালাজ করা হয়েছে। আমরা সে ধরনের সংসদ চাই না। আমরা একটি সভ্য ও মর্যাদাপূর্ণ সংসদ দেখতে চাই। প্রথম দিন থেকেই বিরোধীদল হিসেবে আমাদের ভূমিকা গঠনমূলক ছিল এবং ভবিষ্যতেও থাকবে। কোনো উস্কানিতেই আমরা সেই অবস্থান থেকে সরে আসব না।

বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মাওলানা মো. মশিউর রহমান, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীমসহ জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় বাগেরহাটে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে ডা. শফিকুর রহমান বাগেরহাট কামিল মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত রোকন সম্মেলনে যোগ দেন। পরে ষাট গম্বুজ মসজিদে জুমার নামাজ আদায়, সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ ও সংক্ষিপ্ত বিশ্রাম শেষে বিকেল ৪টায় সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কর্মসূচি রয়েছে।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]