সম্ভাব্য মার্কিন হামলার বিষয়ে সতর্ক করে ইরানের সেনাবাহিনী জানিয়েছে, দেশের ওপর হামলা হলে শত্রুর মোকাবিলায় সর্বশক্তি নিয়ে প্রস্তুত রয়েছে তারা।
রোববার (২৭ সেপ্টেম্বর) মেহর নিউজ এজেন্সিকে দেওয়া বক্তব্যে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আকরামিনিয়া বলেন, আঞ্চলিক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র কঠিন অবস্থায় রয়েছে এবং তারা সামরিক আগ্রাসনের পথ বেছে নিতে পারে। এমন পরিস্থিতিতে ইরানের সেনাবাহিনী শত্রুর মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত।
তিনি বলেন, পশ্চিম এশিয়া থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে দিতে পারলে অঞ্চলটি আরও নিরাপদ হবে। তার দাবি, মুসলিম দেশগুলোর নিরাপত্তার চেয়ে ইসরায়েলের নিরাপত্তা ও নিজেদের স্বার্থ রক্ষা করাই যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার।
আকরামিনিয়া আরও দাবি করেন, ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুর ২৫ হাজার আকাশ অভিযান প্রতিহত করেছে। শত্রুর হামলার মাত্র আড়াই ঘণ্টার মধ্যে ইরানের বিমানবাহিনী শক্তিশালী জবাব দিয়েছে বলেও জানান তিনি।
ইরানের সেনাবাহিনীর এই মুখপাত্রের দাবি, হামাস ও লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে আঘাত এবং সিরিয়ায় সরকারের পতনের পর যুক্তরাষ্ট্র ইরানে সামরিক অভিযান চালানোর পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করেছিল। তবে ইরানের সেনাবাহিনী ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সংঘাতের সময় সেই পরিকল্পনা প্রতিহত করেছে।
তিনি আরও বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের ঘোষিত লক্ষ্য—ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস—অর্জন করতে পারেনি। একই সঙ্গে ইরানকে খণ্ডিত করার গোপন লক্ষ্যও তারা পূরণ করতে ব্যর্থ হয়েছে বলে দাবি করেন আকরামিনিয়া।
সাজু/নিএ
সর্বশেষ খবর