ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবাদ সম্মেলনের সুযোগ দেওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির অভিযোগ, এ ধরনের পদক্ষেপ বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী। একই সঙ্গে দলটি আশা করছে, ভারত সরকার শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে সহযোগিতা করবে।
শুক্রবার (৭ আগস্ট) এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন।
বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশ বিশ্বের সব দেশের সঙ্গে পারস্পরিক সম্মান ও সমমর্যাদার ভিত্তিতে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে চায়। তবে ভারতে অবস্থান করে শেখ হাসিনা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে যুক্ত রয়েছেন বলে অভিযোগ করেন তিনি। এ সময় শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার বিষয়ে ভারত সরকারের অবস্থানেরও সমালোচনা করেন জামায়াতের এই নেতা।
তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের দীর্ঘ সময়ে দেশের মানুষের ওপর নির্যাতন, হত্যা, গুমসহ বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। ২০২৪ সালের জুলাই-আগস্টের ঘটনাবলির পর শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকার ভারতের কাছে একাধিকবার অনুরোধ জানিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
গোলাম পরওয়ার দাবি করেন, বাংলাদেশের অনুরোধ বিবেচনা না করে ভারত সরকার শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে যাচ্ছে। এর ফলে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ছে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, ভারত সরকার তাদের অবস্থান পুনর্বিবেচনা করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা করবে।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারকে আরও কার্যকর কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, প্রয়োজনে আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা নেওয়া এবং ইন্টারপোলের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।
তিনি আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশে যে পরিবর্তন এসেছে, তার পর কোনো ধরনের স্বৈরাচারী বা ফ্যাসিবাদী রাজনীতির পুনরুত্থানের সুযোগ দেওয়া হবে না।
বিবৃতিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে গোলাম পরওয়ার বলেন, দেশের গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত ভবিষ্যৎ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর