মাত্র কয়েক ঘণ্টা আগেও সিলেটের বিশ্বনাথ উপজেলার ছাবাল শাহ (রহ.) মাজারে গানের আসরে সুরের মূর্ছনায় দর্শকদের মুগ্ধ করেছিলেন জনপ্রিয় বাউলশিল্পী পেহলি ভৈরবী। কিন্তু সেই রাতের আবহ শেষ হতে না হতেই শুক্রবার সকালে আসে হৃদয়বিদারক খবর—মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি।
শুক্রবার (৭ আগস্ট) সকালে সিলেটের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হন পেহলি ভৈরবী। তিনি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার বাসিন্দা ছিলেন।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে ছাবাল শাহ (রহ.) মাজারে আয়োজিত গানের অনুষ্ঠানে পেহলি ভৈরবী অংশ নেন। তার পরিবেশনায় মুগ্ধ হয়ে অনেক দর্শক ভিডিও ধারণ করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারও করেন। বিশ্বনাথের এক বাসিন্দা বলেন, 'আমি অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলাম। তার বেশ কয়েকটি ভিডিও ধারণ করেছি এবং লাইভও দিয়েছি। এর আগেও তিনি এই মাজারে গান পরিবেশন করেছিলেন।'
জানা গেছে, শাহীন আহমদ পরিচালিত ‘বন্ধন স্টুডিও’ নামের একটি ফেসবুক পেজে বৃহস্পতিবার রাতের অনুষ্ঠানে পেহলি ভৈরবীর পরিবেশিত একটি গান প্রচার করা হয়। অনুষ্ঠানের আয়োজক সোহল আহমদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
পুলিশ জানায়, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে কাশিকাপন এলাকায় ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে সিলেটগামী বেঙ্গল পরিবহনের আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইউনিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই সাতজন নিহত হন। পরে আহতদের হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়।
শেরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে সাতজনের মরদেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনার কারণে কিছু সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
জনপ্রিয় এই বাউলশিল্পীর আকস্মিক মৃত্যুতে তার ভক্ত-অনুরাগী এবং সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর