ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ মিঠুন চক্রবর্তী হাতে গুরুতর আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আঘাতের তীব্রতার কারণে জরুরি ভিত্তিতে তার হাতে অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তিনি কলকাতার পিয়ারলেস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অস্ত্রোপচার সফল হয়েছে এবং মিঠুন চক্রবর্তী এখন আশঙ্কামুক্ত। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তবে দ্রুত আরোগ্যের জন্য তাকে কিছুদিন সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। তবে কীভাবে তিনি হাতে আঘাত পেয়েছেন, সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য জানা যায়নি। শুটিং চলাকালে কোনো দুর্ঘটনা ঘটেছিল কি না, সে বিষয়েও পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এদিকে ‘মহাগুরু’খ্যাত এই অভিনেতার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই ভক্ত-অনুরাগীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। তবে অস্ত্রোপচার সফল হয়েছে এবং তিনি সুস্থ আছেন—এ খবর প্রকাশের পর স্বস্তি প্রকাশ করেছেন তার শুভানুধ্যায়ীরা।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর