রাজধানীর পল্লবীতে দুর্বৃত্তদের গুলিতে বিএনপির এক নেতা ও এক পথচারী নারী আহত হয়েছেন। গুরুতর আহত বিএনপি নেতা মো. আলমগীরকে (৫৫) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে পল্লবী থানার মিরপুর-১১ নম্বরের রোড-২, ব্লক-বি এলাকার একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
আহত আলমগীর পেশায় মাছ ব্যবসায়ী। তিনি ঢাকার নবাবগঞ্জ থানা বিএনপির মূল দলের সদস্য বলে জানা গেছে। তার বাবার নাম আব্দুর রাজ্জাক। তিনি মিরপুর-১, ব্লক-বির ৩ নম্বর রোডের ১৭ নম্বর বাসার বাসিন্দা।
আলমগীরকে হাসপাতালে নিয়ে আসা তার চাচা আশিকের দাবি, ঘটনার সময় আলমগীর চায়ের দোকানের সামনে বসে ছিলেন। এ সময় স্থানীয় যুবলীগ নেতা রুবেল ও বাপ্পাসহ চারজন একটি প্রাইভেটকারে এসে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যান।
তিনি জানান, গুলিতে আলমগীরের মাথার ডান পাশে, পেটের ডান পাশে এবং ডান নিতম্বে আঘাত লাগে। প্রথমে তাকে স্থানীয় একটি ইসলামী হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এদিকে, একই ঘটনায় রাস্তা পার হওয়ার সময় এক পথচারী নারীও গুলিবিদ্ধ হন বলে জানিয়েছে পুলিশ। তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বশীর জানান, দুর্বৃত্তরা ওই এলাকায় তিন রাউন্ড গুলি ছোড়ে। এতে আলমগীর ও এক নারী আহত হন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, গুলিবিদ্ধ আলমগীর বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর