• ঢাকা
  • ঢাকা, শনিবার, ০৮ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ১ মিনিট পূর্বে
প্রচ্ছদ / স্পোর্টস / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২৬, ০৯:২১ সকাল

প্রস্ততি ম্যাচে অস্ট্রেলিয়ার সামনে টিকতেই পারল না বাংলাদেশ

ছবি: সংগৃহীত

প্রথম ইনিংসে মেহেদী হাসান মিরাজের লড়াকু সেঞ্চুরি বাংলাদেশকে আশার আলো দেখিয়েছিল। কিন্তু দ্বিতীয় ইনিংসের ব্যাটিং ধস সেই লড়াইকে পুরোপুরি ম্লান করে দিল। মাত্র ৫৪ রানে গুটিয়ে গিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের কাছে ইনিংস ও ৩৮ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

ডারউইনে একমাত্র প্রস্তুতি ম্যাচেই বাংলাদেশের সামনে কঠিন বাস্তবতা তুলে ধরেছে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। প্রথম ইনিংসে মিরাজের অপরাজিত ১০৯ রানের সুবাদে ২৬৩ রান তুলেছিল বাংলাদেশ। জবাবে স্বাগতিক দল ৩৫৫ রান করে ৯২ রানের লিড নেয়। সেই ঘাটতি পুষিয়ে ম্যাচে ফেরার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে ২২ ওভারেরও কম সময়ে মাত্র ৫৪ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা।

বাংলাদেশের দ্বিতীয় ইনিংস ধসের মূল নায়ক ক্যামবেল থম্পসন। ডানহাতি এই পেসার মাত্র ১১ ওভারে ২৫ রান খরচ করে তুলে নেন ৮ উইকেট। তার আগুনঝরা বোলিংয়ের সামনে একের পর এক ব্যাটার সাজঘরে ফিরলে ম্যাচ কার্যত বাংলাদেশের হাতের বাইরে চলে যায়।

শুরুতেই সাদমান ইসলাম ও মুমিনুল হককে ফিরিয়ে দেন থম্পসন। এরপর নাজমুল হোসেন শান্ত রানের খাতা খোলার আগেই বিদায় নেন। সৌম্য সরকার করেন ৫, আর মুশফিকুর রহিম ফেরেন ২ রান করে। একমাত্র তানজিদ হাসান তামিম ২২ রান করে কিছুটা প্রতিরোধের চেষ্টা করেছিলেন, কিন্তু সেটিও বেশিক্ষণ স্থায়ী হয়নি।

প্রথম ইনিংসে সেঞ্চুরি করা মেহেদী হাসান মিরাজও দ্বিতীয় ইনিংসে ব্যর্থ। করতে পারেন মাত্র ৬ রান। শেষদিকে হাসান মাহমুদ অপরাজিত থাকলেও তাকে সঙ্গ দেওয়ার মতো কেউ ছিলেন না। শেষ পর্যন্ত ৫৪ রানেই থেমে যায় বাংলাদেশের ইনিংস।

এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে একাই লড়েছিলেন মিরাজ। ১৪১ বলে ১১টি চার ও ৪টি ছক্কায় ১০৯ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। নাজমুল হোসেন শান্তর ৩৭ ও সাদমান ইসলামের ৩১ রান ছাড়া বাংলাদেশের আর কোনো ব্যাটার বড় অবদান রাখতে পারেননি।

জবাবে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের হয়ে দারুণ ব্যাটিং করেন টিগ উইলি। ১৭৭ বলে ১৩০ রানের ইনিংস খেলেন তিনি। তাকে ভালো সঙ্গ দেন জেক ডোরান, করেন ৭৬ রান। কার্টিস প্যাটারসনের ব্যাট থেকে আসে ৫৩ রান। তাদের ব্যাটে ভর করে ৩৫৫ রান সংগ্রহ করে স্বাগতিকরা, পায় ৯২ রানের গুরুত্বপূর্ণ লিড।

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন হাসান মাহমুদ। তিনি শিকার করেন ৪ উইকেট। তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ নেন দুটি করে উইকেট।

তবে শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গড়ে দেয় বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের ব্যাটিং বিপর্যয়। মিরাজের লড়াকু সেঞ্চুরি কিংবা হাসান মাহমুদের কার্যকর বোলিং—কোনোটিই বড় হার এড়ানোর জন্য যথেষ্ট হয়নি।

শেষ পর্যন্ত ইনিংস ও ৩৮ রানের দাপুটে জয় নিয়েই ডারউইনের প্রস্তুতি ম্যাচ শেষ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]