• ঢাকা
  • ঢাকা, রবিবার, ০৯ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ১৭ মিনিট পূর্বে
প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২৬, ০২:২৫ দুপুর

সরকারের কাজে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী: রিজভী

ছবি: সংগৃহীত

সরকারের কাজে কোনো ধরনের গাফিলতি হলে প্রধানমন্ত্রী তারেক রহমান কঠোর ব্যবস্থা নিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, আমলাতন্ত্রের কর্মকর্তা কিংবা রাজনৈতিক ব্যক্তি দায়িত্ব পালনে অবহেলা করলে কাউকেই ছাড় দেওয়া হচ্ছে না।

শনিবার (৮ আগস্ট) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্র্যাব মিলনায়তনে রোটারিয়ান এম নাজমুল হাসান সম্পাদিত ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ মাসের উন্নয়ন যাত্রা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও ‘আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, মানবসভ্যতার অগ্রগতিতে বইয়ের কোনো বিকল্প নেই। বই অন্ধকার দূর করার জন্য বড় প্রদীপের মতো কাজ করে। বিজ্ঞানীরা তাদের তত্ত্ব ও গবেষণা বই আকারে প্রকাশ করেছেন বলেই পরবর্তী প্রজন্ম সেগুলো পড়তে ও চর্চা করতে পেরেছে। এর ধারাবাহিকতায় নতুন নতুন আবিষ্কার ও জ্ঞানের বিকাশ ঘটেছে।

বই পড়ার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বই না পড়লে এবং জ্ঞান অর্জন না করলে মানুষের মনের জগত ও বিশ্বজগত—দুটিই অন্ধকারে থেকে যাবে। বইকে তিনি ‘মনের জগতের পাসপোর্ট’ হিসেবে উল্লেখ করেন। এই পাসপোর্ট অর্জনের মাধ্যমে মানুষ নিজের চিন্তার জগতের পাশাপাশি বহির্বিশ্ব সম্পর্কেও জ্ঞান লাভ করতে পারে।

সরকারের পাঁচ মাসের কার্যক্রম প্রসঙ্গে রিজভী বলেন, সরকারের বিভিন্ন উদ্যোগ, কর্মকাণ্ড ও অর্জন পরিসংখ্যানসহ বইটিতে তুলে ধরা হয়েছে। এসব তথ্য একত্র করে সুগ্রন্থিতভাবে প্রকাশ করায় বইটি ভবিষ্যতে গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হবে।

তিনি সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খননসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। সামনে হেলথ কার্ড চালুরও প্রতিশ্রুতি রয়েছে। একই সঙ্গে গ্যাস সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী যেসব পদক্ষেপ নিয়েছেন, তারও সংক্ষিপ্ত চিত্র বইটিতে তুলে ধরা হয়েছে।

রিজভী বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় আসার পর সেগুলো বাস্তবায়নে তিনি মাঠপর্যায়ে কাজ করছেন। দিন-রাত পরিশ্রমের পাশাপাশি প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন হচ্ছে কি না, তা নিজেই পর্যবেক্ষণ করছেন।

তিনি বলেন, দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি হলে প্রধানমন্ত্রী কঠোর পদক্ষেপ নিচ্ছেন। আমলা, আমলাতন্ত্রের কর্মকর্তা কিংবা রাজনৈতিক ব্যক্তি—কেউই দায়িত্বে অবহেলা করলে ছাড় পাচ্ছেন না। অন্যদিকে যারা নিষ্ঠার সঙ্গে কাজ করছেন, তাদের উৎসাহিত ও অনুপ্রাণিত করা হচ্ছে।

বিএনপির এই নেতা আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে সরকার জনকল্যাণ, জনস্বার্থ ও সামাজিক নিরাপত্তা বেষ্টনী সম্প্রসারণে যেসব উদ্যোগ নিয়েছে এবং যেগুলো বাস্তবায়নের পথে রয়েছে, সেগুলোর বিস্তারিত বিবরণ বইটিতে পাওয়া যাবে।

সরকারের বিরুদ্ধে অপপ্রচারের প্রসঙ্গে রিজভী বলেন, যারা সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, সরকারের কর্মকাণ্ডে কলঙ্ক লেপনের চেষ্টা করছে এবং বিভিন্নভাবে বাধা সৃষ্টি করছে, তাদের প্রচেষ্টা মোকাবিলায় বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রীর কর্মকাণ্ড ও জনগণের প্রতি তার দায়বদ্ধতার তথ্য, উপাত্ত ও পরিসংখ্যানভিত্তিক একটি গ্রন্থ ভবিষ্যতে গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হবে।

তিনি বলেন, এই তথ্যগুলো সামনে এলে মানুষ বুঝতে পারবে—সরকারের বিরুদ্ধে যারা অপপ্রচার ও বিভ্রান্তি ছড়াচ্ছে, তারা মূলত সরকারের ভালো উদ্যোগগুলোকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।

রোটারিয়ান নাজমুল হাসানের সভাপতিত্বে এবং সংগঠনের সভাপতি সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান, ছাত্রদলের সহসভাপতি তৌহিদ আউয়ালসহ অন্যরা।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]