জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া তিনজনের আত্মকর্মসংস্থান ও জীবিকা নির্বাহে সহায়তার লক্ষ্যে একটি সিএনজি চালিত অটোরিকশা, দুটি প্যাডেলচালিত রিকশা এবং দুটি ব্যাটারিচালিত অটোরিকশা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৮ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে এসব যানবাহন তুলে দেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী প্রত্যেকের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন এবং তাদের শারীরিক অবস্থা, পরিবার ও জীবিকা সম্পর্কে খোঁজখবর নেন।
সিএনজি চালিত অটোরিকশা পেয়েছেন নড়াইলের লোহাগড়া উপজেলার বাসিন্দা এবং মিরপুর বাংলা কলেজের সমাজকর্ম বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আজিজ শেখ। পড়াশোনার পাশাপাশি তিনি সিএনজি চালিয়ে পরিবারের ভরণপোষণে সহায়তা করেন। জুলাই গণঅভ্যুত্থানের সময় মিরপুর-১০ এলাকায় আন্দোলনে অংশ নিয়ে তিনি গুলিবিদ্ধ হন। তার শরীরে ৩৬টি গুলির স্প্লিন্টার বিদ্ধ হয়।
প্রধানমন্ত্রী আজিজ শেখকে পড়াশোনা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।
অন্যদিকে, কুষ্টিয়ার আলমডাঙ্গা উপজেলার বাসিন্দা মো. গফফারকে দুটি প্যাডেলচালিত রিকশা উপহার দেওয়া হয়। জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মহাখালী এলাকায় আন্দোলনকারীদের নিয়মিত পানি সরবরাহের পাশাপাশি নিজের রিকশায় আহতদের হাসপাতালে পৌঁছে দেন তিনি। উপহার পাওয়া একটি রিকশা নিজে ঢাকায় চালিয়ে জীবিকা নির্বাহ করবেন এবং অন্যটি ভাড়া দেবেন বলে জানান গফফার।
এ ছাড়া বগুড়ার গাবতলী উপজেলার ৬৫ বছর বয়সী আসাদুল হক বিশুকে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা উপহার দেন প্রধানমন্ত্রী। কর্মসংস্থানের অভাবে দীর্ঘদিন ধরে কষ্টে জীবনযাপন করছিলেন তিনি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থেকে উপহার দেওয়া যানবাহনগুলো কীভাবে পরিচালনা করা হবে, তা প্রত্যক্ষ করেন। পাশাপাশি নিরাপদে এসব যানবাহন নিয়ে নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর বিষয়ে তাদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি দলীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর