ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ঐতিহ্যবাহী খড়মপুরে অবস্থিত হযরত শাহ সৈয়দ আহাম্মদ গেছুদারাজ প্রকাশ্য শাহপীর কল্লা শহীদ (র.) মাজার শরীফের সপ্তাহব্যাপী বার্ষিক ওরশ আগামী ১০ আগস্ট থেকে শুরু হবে। চলবে ১৬ আগস্ট পর্যন্ত।
ওরশ উদযাপন উপলক্ষে শনিবার সকালে খড়মপুরে মাজার মার্কেট কাম রেস্ট হাউজের দ্বিতীয় তলার ভিআইপি কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে মাজার শরীফ পরিচালনা কমিটি।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম খাদেম মিন্টু এবং প্রচার কার্য পরিচালনা উপ-কমিটির আহ্বায়ক ও কমিটির সদস্য কাজী শরীফ খাদেম।
মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম খাদেম মিন্টু জানান, আগামী ১০ থেকে ১৬ আগস্ট পর্যন্ত সপ্তাহব্যাপী ওরশ মোবারক অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১৪ আগস্ট রাত ১২টা ১ মিনিটে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, প্রতি বছর ওরশ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো ভক্ত ও ধর্মপ্রাণ মানুষ খড়মপুর মাজারে সমবেত হন। এ বছরও শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ওরশ সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি খাদেম ও স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করবেন। এছাড়া মাজার শরীফ এলাকা সার্বক্ষণিক পর্যবেক্ষণে ৩৮টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি তাপসী রাবেয়া বলেন, ওরশ চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় তিন শতাধিক পুলিশ সদস্য ও দুই প্লাটুন ব্যাটালিয়ন আনসার মোতায়েন থাকবে। এছাড়াও র্যাব , বিজিবি, নৌ পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, ফায়ার সার্ভিস এবং মেডিকেল টিমও সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। তিনি সকলের সহযোগিতায় শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ওরশ সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কফিন উদ্দিন মাহমুদ, আখাউড়া থানার সেকেন্ড অফিসার মো. জাহেদুল কাদের, মাজার পরিচালনা কমিটির সদস্য কাজী শরীফ খাদেম, তাকদীর খান খাদেম, কামরুল হাসান খাদেম ও কাজী রুপম খাদেম।
এ সময় আখাউড়া উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর