নীলফামারীর জলঢাকায় নাশকতা ও সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক তৎপরতার অভিযোগে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উপজেলার পশ্চিম বালাগ্রাম ইউনিয়নের মো. আনিছুর রহমানের ছেলে মো. শাহিনুর ইসলাম তুহিন (৩০) এবং উপজেলার বটতলা কালীবাড়ী মাছের আড়ৎ এলাকার গজেন চন্দ্র রায়ের ছেলে গোবিন্দ রায় রাখাল (২৭)। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে মো. শাহিনুর ইসলাম তুহিন বালাগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং গোবিন্দ রায় রাখাল নীলফামারী জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন উসকানিমূলক বক্তব্য ও পোস্ট দেওয়ার মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংগঠিত করার চেষ্টা চালিয়ে আসছিলেন। নাশকতার পরিকল্পনা ও এ ধরনের উসকানিমূলক তৎপরতার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। জলঢাকা থানা পুলিশ নিশ্চিত করেছে যে, গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে থাকা অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হয়েছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর