ঢাকার সাভারের আশুলিয়ায় বিএনপির এক নেতাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ওই নেতার বাসার ফটকে একটি ব্যাগ রেখে যায় দুর্বৃত্তরা। ব্যাগের ভেতর পাওয়া গেছে কাফনের কাপড়, একটি গুলি, আতর, গোলাপ জল, সাবান ও একটি হুমকির চিঠি। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
শনিবার (৮ আগস্ট) ভোর ৫টার দিকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও মেম্বার পদপ্রার্থী মো. ইসমাইল হোসেন মোল্লার বাসার ফটকে ব্যাগটি দেখতে পান তিনি। পরে বিষয়টি আশুলিয়া থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি উদ্ধার করে।
পুলিশ জানায়, ব্যাগ খুলে কাফনের কাপড়, একটি গুলি, আতর, গোলাপ জল, সাবান ও একটি চিঠি পাওয়া যায়। চিঠিতে ইসমাইল হোসেন মোল্লাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছে।
চিঠিতে লেখা হয়, প্রিয় ইসমাঈল মোল্লা চাচা, ক্ষণিকের দুনিয়াতে এত বড়াই কিসের? আপনি বা আপনার পরিবারের লোকজন যেভাবে উড়তেছেন, এটা তো ভালো হচ্ছে না। জামাই জন সাথে নিয়া বেশি উইড়েন না, তাহলে কে কখন সালাম দিবে নিজেও বুঝতে পারবেন না।
চিঠিতে আরও বলা হয়, ভালোবেসে শেষ বিদায়ের সকল কিছুই দিয়ে পাঠালাম। যদি মনে হয় নিজেদের সংশোধন করবেন, তাহলে কোনো ঝামেলা নেই। কিন্তু আজকের পরেও যদি উড়তে থাকেন, তাহলে আপনার নামে আমাদের তরফ থেকে অদৃশ্য কেউ পৌঁছে যাবে সালাম দিবে। পরকালে এর ঠিকানাতে চলে যাবেন। ইতি অদৃশ্য মুসাফির।
বিএনপি নেতা মো. ইসমাইল হোসেন মোল্লা বলেন, ঘুম থেকে উঠে দেখি আমার গেটে একটা ব্যাগ। ব্যাগটা খুলে দেখি ভিতরে কাফনের কাপড়, গোলাপ জল, সাবান, একটা বুলেট আর একটা চিঠি। সঙ্গে সঙ্গে থানায় খবর দিলে পুলিশ আসে। আমাকে যে হুমকিটা দেওয়া হয়েছে, এই হুমকির ভয় আমি পাই না। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেব।
এব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি ব্যাগে কাফনের কাপড়, একটি গুলি, আতর, গোলাপ জল, সাবান ও একটি চিঠি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনি বিষয়টি প্রক্রিয়াধীন।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর