ট্রাবজোনস্পোরের সঙ্গে পেশাদার ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন মোহাম্মদ সালাহ। কিন্তু এর শুরুতেই নিজ দেশে আইনি জটিলতার সম্মুখীন হলেন মিসরীয় ফরোয়ার্ড।
বকেয়া আইনি ফি দাবিসংক্রান্ত এক মামলায় শপথ নিতে আগামী সেপ্টেম্বরে সালাহকে সশরীরে আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছে নিউ কায়রো কোর্ট।
নিউ কায়রো কোর্ট অব ফার্স্ট ইনস্ট্যান্সের একটি দেওয়ানি চেম্বার আগামী ৬ সেপ্টেম্বর সালাহকে আদালতে হাজির হওয়ার দিন ধার্য করে দিয়েছে। আইনজীবী আমর ফারাজ আল্লাহ মোরসি আব্দেল তাওয়াব তার বিরুদ্ধে বকেয়া ফি পরিশোধ না করার অভিযোগে মামলা দিয়েছেন।
তাওয়াব বলেছেন, তিন কয়েক বছর ধরে সালাহর পক্ষে আদালতের নথিপত্র দেখভালসহ আইনি, প্রশাসনিক ও পরামর্শমূলক কাজ করতেন। কিন্তু ওই কাজগুলোর ফি পুরোপুরি শোধ করেননি মিসরীয় তারকা।
তবে সালাহ আব্দেল তাওয়াবের এসব অভিযোগ অস্বীকার করেছেন। এই অস্বীকৃতি প্রমাণ করতেই তাকে আদালতে হাজির হতে হবে। কোনো কারণে যদি শপথে উপস্থিত না হতে পারেন কিংবা শপথ গ্রহণে অস্বীকৃতি জানান তাহলে তাকে ‘শপথ গ্রহণে অস্বীকৃতি জানানো’ ব্যক্তি হিসেবে বিবেচনা করা হবে এবং তার বিরুদ্ধে আইনজীবীর করা দাবি মেনে নিয়েছেন বলে ধরা হবে। সেক্ষেত্রে সালাহ শাস্তির মুখে পড়তে পারেন। আপাতত বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আদালত রায় স্থগিত রেখেছেন।
এই বিরোধের শুরু ২০২৫ সালের সেপ্টেম্বরে। সালাহর পক্ষে আইনি, প্রশাসনিক ও পরামর্শমূলক কাজ এবং আদালতের নথিপত্র দেখভালের দায়িত্ব পালনের পর বকেয়া ফি পরিশোধ করেননি বলে এক মামলা ঠুকে দেন তাওয়াব। আদালতে জমা দেওয়া নথিপত্র অনুযায়ী ২০১২ সালে সাবেক লিভারপুল তারকার জেনারেল অফিসিয়াল পাওয়া অব অ্যাটর্নি হিসেবে কাজ শুরু করেন তাওয়াব। ২০২৫ সালের আগস্টে সেই দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।
ওই আইনজীবীর দাবির তালিকায় রয়েছে ক্ষতিপূরণ। বকেয়া ফি না পেয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে জানান।
আদালতে হাজির হওয়ার সময়ক্ষণ সালাহর জন্য বেশ কঠিন। তুর্কি লিগে ট্রাবজোনস্পোরের সঙ্গে তার পথচলা শুরু হতে চলেছে। ১৫ আগস্ট কাসিমপাসার বিপক্ষে সালাহ লিগে তার নতুন দলের হয়ে প্রথম ম্যাচ খেলবেন। আর আদালতে হাজিরা দেওয়ার দিনে জেনক্লেরবিরলিগির বিপক্ষে তার দলের ম্যাচ।
রোহান/সা.এ.