• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৮ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / স্পোর্টস / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৬, ০২:২৫ দুপুর

লাংকাউইয়ে বাংলাদেশের পতাকা ওড়ালেন রফিকুল

মালয়েশিয়ায় আয়রনম্যান ৭০.৩ সম্পন্ন করলেন বাংলাদেশের রফিকুল। ছবি: সংগৃহিত

মালয়েশিয়ার লাংকাউইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘আয়রনম্যান ৭০.৩’ ট্রায়াথলন প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন করেছেন বাংলাদেশের মো. রফিকুল ইসলাম। নির্ধারিত সময়ের আগেই ১১৩ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি।

গত ২১ নভেম্বর অনুষ্ঠিত প্রতিযোগিতায় ৭ ঘণ্টা ১৪ মিনিট ২২ সেকেন্ডে রেস শেষ করেন রফিকুল। প্রতিযোগিতাটি সম্পন্ন করার সর্বোচ্চ সময়সীমা ছিল ৮ ঘণ্টা ৩০ মিনিট। এই বিভাগে অংশ নেওয়া বাংলাদেশি প্রতিযোগীদের মধ্যে দ্বিতীয় দ্রুততম সময়ে রেস শেষ করেন তিনি।

বিশ্বের অন্যতম কঠিন সহনশীলতাভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা আয়রনম্যান ৭০.৩। এতে প্রতিযোগীদের একটানা ১ দশমিক ৯ কিলোমিটার সাঁতার, ৯০ কিলোমিটার সাইক্লিং এবং ২১ দশমিক ১ কিলোমিটার দৌড় সম্পন্ন করতে হয়। শারীরিক সক্ষমতার পাশাপাশি মানসিক দৃঢ়তা ও দীর্ঘদিনের প্রস্তুতি প্রয়োজন হয় এ প্রতিযোগিতায়।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, রফিকুল ৪৪ মিনিট ১৩ সেকেন্ডে সাঁতার, ৩ ঘণ্টা ৪৮ মিনিট ৫২ সেকেন্ডে সাইক্লিং এবং ২ ঘণ্টা ৩০ মিনিট ২ সেকেন্ডে দৌড় সম্পন্ন করেন। প্রতিটি ধাপের মধ্যবর্তী প্রস্তুতির সময়সহ নির্ধারিত সময়ের ১ ঘণ্টা ১৫ মিনিট ৩৮ সেকেন্ড আগেই ফিনিশ লাইনে পৌঁছান তিনি।

আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করতে পেরে উচ্ছ্বসিত রফিকুল ইসলাম। প্রতিযোগিতা শেষে তিনি বলেন, ‘বিদেশের মাটিতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের পতাকা উঁচু করে ধরার আনন্দ সত্যিই অন্যরকম।’

তবে রফিকুলের এই পর্যায়ে উঠে আসার গল্পটা শুরু হয়েছিল ভিন্নভাবে। দীর্ঘদিন পেটের অসুস্থতায় ভোগার পর সুস্থ থাকার লক্ষ্যে ২০১৮ সালে দৌড়ানো শুরু করেন তিনি। এর এক বছর পর যুক্ত হন সাইক্লিংয়ে। পরবর্তী সময়ে সাঁতারেও নিজেকে দক্ষ করে তোলেন। সুস্থ থাকার প্রচেষ্টা থেকেই ধীরে ধীরে নিজেকে একজন ট্রায়াথলেট হিসেবে গড়ে তোলেন রফিকুল।

আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে দেশের বিভিন্ন ম্যারাথন ও আলট্রা ম্যারাথনে অংশ নিয়েছেন তিনি। তাঁর অর্জনের তালিকায় রয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল ম্যারাথন, ঢাকা স্টেডিয়াম আলট্রা রান, বান্দরবানের ভার্টিক্যাল ড্রিমার্স আলট্রা, শমশেরনগর আলট্রা, হাতিরঝিল আলট্রা, ঢাকা-মাওয়া এক্সট্রিম ফুয়েল আলট্রা, সুনামগঞ্জের ‘দি অ্যাথলেট এক্স আলট্রা’ এবং ‘ওয়াইল্ড ৭০.৩ ট্রায়াথলন’-সহ বিভিন্ন প্রতিযোগিতার ৪০টির বেশি পদক।

ক্রিকেট ও ফুটবলের বাইরে বাংলাদেশে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে ট্রায়াথলন ও সহনশীলতাভিত্তিক বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা। আন্তর্জাতিক পর্যায়ে রফিকুলের এই অর্জন দেশের উদীয়মান অ্যাথলেটদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠতে পারে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]