রেড কার্পেটে প্রিয় তারকার সঙ্গে সেলফি তুলতে গিয়ে অনেক সময় অনুরাগীদের উচ্ছ্বাসের নানা মুহূর্ত ক্যামেরাবন্দি হয়। তবে এবার সেই উচ্ছ্বাসই অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি করল অভিনেত্রী নিকিতা রাওয়ালের জন্য। সেলফির আবদার নিয়ে কাছে আসা এক মহিলা অনুরাগী আচমকাই তাঁকে চুম্বন করেন। মুহূর্তটির ভিডিও ছড়িয়ে পড়তেই তা নিয়ে শুরু হয়েছে আলোচনা।
ঘটনাটি ঘটে গত ৮ আগস্ট একটি অনুষ্ঠানের রেড কার্পেটে। নিকিতা তখন আলোকচিত্রীদের সামনে পোজ দিচ্ছিলেন। এ সময় এক মহিলা অনুরাগী তাঁর কাছে এসে সেলফি তোলার অনুরোধ করেন। নিকিতাও তাতে সম্মতি দেন।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, সেলফি তোলার সময় ওই নারী প্রথমে নিকিতার গালে চুম্বন করেন। এরপর হঠাৎ তাঁকে নিজের দিকে টেনে নিয়ে ঠোঁটে চুম্বন করেন। আচমকা এমন ঘটনায় নিকিতাকে দৃশ্যতই চমকে যেতে দেখা যায়।
ভিডিওতে আরও দেখা যায়, পরিস্থিতি সামাল দিতে নিকিতা ওই অনুরাগীকে নিজের কাছ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তাঁর মুখের অভিব্যক্তিতেও বিস্ময় ও অস্বস্তির ছাপ দেখা যায়। একপর্যায়ে নিজের ঠোঁটে হাত দিয়ে কিছুটা হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় অভিনেত্রীকে।
তবে ওই মুহূর্তেই ঘটনা শেষ হয়নি। ভিডিও অনুযায়ী, ওই নারী নিকিতার কাছাকাছি থেকে ফের চুম্বন করেন। অন্যদিকে নিকিতাকে দ্রুত পরিস্থিতি শেষ করার চেষ্টা করতে দেখা যায়। পরে ওই অনুরাগী নিকিতার গালে আরও একবার চুম্বন করে সেখান থেকে চলে যান। পুরো ঘটনাটি রেড কার্পেটে উপস্থিত ক্যামেরায় ধরা পড়ে।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। নিকিতার তাৎক্ষণিক প্রতিক্রিয়া এবং পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা বিশেষভাবে নজর কেড়েছে।
বলিউডে পরিচিত মুখ নিকিতা রাওয়াল। হিন্দি ছবির পাশাপাশি আঞ্চলিক চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি। তাঁর অভিনীত ছবির মধ্যে রয়েছে ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’, ‘মিস্টার হট মিস্টার কুল’, ‘দ্য হিরো—অভিমন্যু’, ‘আম্মা কি বলি’, ‘গরম মশলা’ ও ‘কিউট কামিনা’। ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’ ছবিতে অনিল কাপুর ও শেফালি শাহের মতো অভিনেতাদের সঙ্গেও কাজ করেছেন তিনি।
অভিনয়ের বাইরে বিভিন্ন অনুষ্ঠানে তাঁর উপস্থিতিও নজর কাড়ে। তবে এবার রেড কার্পেটে ঘটে যাওয়া এই অপ্রত্যাশিত ঘটনাই নতুন করে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে নিকিতাকে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর