সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেতা জাহের আলভী। সাম্প্রতিক একাধিক ভাঙচুরের ঘটনা উল্লেখ করে তিনি বলেছেন, এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই ইতিবাচক নয়।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে জাহের আলভী লেখেন, ‘ভাঙচুর অপ্রীতিকর। হোক সেটা ৩২, মাশরাফির বাড়ি, সালমানের স্টুডিও অথবা গতকাল রাতেই ভাঙচুর করা মিরপুর ১-এর স্বাস্থ্যকেন্দ্র।’
পোস্টে তিনি ধানমন্ডির ৩২ নম্বর, মাশরাফি বিন মুর্তজার বাড়ি, সালমান মুক্তাদিরের স্টুডিও এবং মিরপুর-১-এর স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুরের প্রসঙ্গ তুলে ধরেন। তার এই মন্তব্যের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়।
এর আগে শনিবার রাতে ইসিবি চত্বর এলাকার নিউ গিনি প্রপার্টিজে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে। সালমানের দাবি, এ ঘটনায় স্টুডিওর বিভিন্ন সরঞ্জাম ক্ষতিগ্রস্ত ও লুট হয়েছে।
তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সালমানের স্টুডিওকে লক্ষ্য করে হামলা চালানো হয়নি। পাশের জমির মালিকের সঙ্গে নিউ গিনি প্রপার্টিজের বিরোধের জের ধরে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
অন্যদিকে, মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারেও সম্প্রতি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ভারী যন্ত্রপাতি ব্যবহার করে স্বাস্থ্যকেন্দ্রটির স্থাপনা ক্ষতিগ্রস্ত করার অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কুশল/সাএ
সর্বশেষ খবর