লালমনিরহাটে ৫৩ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় দুই আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বুধবার (১২ আগষ্ট) দুপুরে লালমনিরহাটের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ হায়দার আলী এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিলেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন কুড়িগ্রাম জেলার সদর উপজেলার শিবরাম গ্রামের মৃত জহুরুলের ছেলে মো. আতাউর রহমান (২৭) এবং একই এলাকার নজরুল ইসলামের ছেলে জিয়ন (২৭)।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ২ এপ্রিল রাত ১১টার দিকে লালমনিরহাট সদর থানার পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বড়বাড়ী ইউনিয়নের রুদ্ররাম এলাকায় অভিযান চালায়। এসময় দুজন মাদক বিক্রি করছে এমন সংবাদ পেলে বিক্রেতাদের আটক করার জন্য চেষ্টা করে পুলিশ। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা পালানোর চেষ্টা করলে হাতেনাতে আতাউর রহমানকে আটক করা হয় এবং জিয়ন পালিয়ে যান। পরে আতাউরের কাছে থাকা একটি হ্যান্ডব্যাগ তল্লাশি করে ৫৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় প্রদান করেন।
রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন রেজা স্বপন বলেন, মাদকের বিরুদ্ধে এমন রায় ইতিবাচক বার্তা দেবে।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর