চলতি মাসেই সরকারি-বেসরকারি চাকরিজীবীদের জন্য সৃষ্টি হয়েছে টানা চার দিনের ছুটির সুযোগ। পবিত্র ঈদে মিলাদুন্নবীকে কেন্দ্র করে এই ছুটির সুযোগ সামনে এসেছে। তবে জরুরি সেবায় কর্মরত অনেকেই এই ছুটি থেকে বঞ্চিত হতে পারেন।
আগস্টের শেষ সপ্তাহে চাঁদ দেখা সাপেক্ষে ২৬ আগস্ট (বুধবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারণ করা হয়েছে। মূলত এর পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার (২৭ আগস্ট) যথারীতি অফিস খোলা থাকবে। তবে সার্বিকভাবে বিষয়টি চাঁদ দেখার ওপর নির্ভর করছে।
এদিকে ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তারিখ নির্ধারণের লক্ষ্যে বৃহস্পতিবার (১৩ আগস্ট) জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বুধবার (১২ আগস্ট) গণমাধ্যমে পাঠানো ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেমের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়।
ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের সভাপতিত্বে সন্ধ্যা ৭টায় (বাদ মাগরিব) সভাটি অনুষ্ঠিত হবে।
যেভাবে মিলবে চার দিনের ছুটি
চাঁদ দেখার ওপর ঈদে মিলাদুন্নবীর ছুটি নির্ভর করছে। যদি আগামী ২৬ আগস্ট (বুধবার) ঈদে মিলাদুন্নবীর ছুটি হয় তাহলে এরপরের দিন বৃহস্পতিবার অফিস খোলা।
তবে এর পরের দুই দিন যথাক্রমে শুক্র ও শনিবার (২৮-২৯ আগস্ট) সাপ্তাহিক ছুটি। সে হিসেবে বৃহস্পতিবার এক দিনের ব্যক্তিগত ছুটি নিতে পারলেই পাওয়া যাবে টানা চার দিনের ছুটি।
একইভাবে যেসব বেসরকারি প্রতিষ্ঠানে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকে, সেসব প্রতিষ্ঠানের চাকরিজীবীরাও একই উপায়ে টানা চার দিনের ছুটি ভোগ করতে পারবেন।
যদিও এই সুবিধা সবার জন্য প্রযোজ্য নয়। হাসপাতাল, জরুরি স্বাস্থ্যসেবা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, পানি, বন্দর, বিমানবন্দর, রেলওয়ে, গণপরিবহন, কারাগার, দুর্যোগ ব্যবস্থাপনা এবং অন্যান্য জরুরি সরকারি সেবার সঙ্গে যুক্ত কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বের প্রয়োজনে কর্মস্থলে থাকতে হতে পারে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব ডিউটি রোস্টার অনুযায়ী তারা দায়িত্ব পালন করবেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগস্ট মাসে আরও একটি দীর্ঘ ছুটির সুযোগ রয়েছে। ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটির পর ২৭ আগস্ট এক দিনের নৈমিত্তিক ছুটি নিলে ২৮ ও ২৯ আগস্টের সাপ্তাহিক ছুটিসহ আবারও টানা চার দিনের অবকাশ পাওয়া যেতে পারে। তবে ঈদে মিলাদুন্নবীর তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর