রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সবকিছু ঠিক থাকলে তিনি বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন। এ সিদ্ধান্তে প্রতিক্রিয়া জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ নজরুল।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মির্জা ফখরুলকে অভিনন্দন জানান তিনি। পোস্টে আসিফ নজরুল লেখেন, ‘বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিনন্দন, ফখরুল ভাই।’
মির্জা ফখরুলের রাষ্ট্রপতি পদে মনোনয়নকে স্বাগত জানিয়ে আসিফ নজরুল বলেন, গত দুই দশক ধরে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে এমন কয়েকজন ব্যক্তি দায়িত্ব পালন করেছেন, যাদের তিনি এ পদের জন্য উপযুক্ত মনে করেননি। তার ভাষায়, বহু বছর পর রাষ্ট্রপতি পদে সবদিক বিবেচনায় একজন যোগ্য ব্যক্তিকে পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।
বিএনপির মহাসচিব হিসেবে মির্জা ফখরুলের রাজনৈতিক ভূমিকার কথাও তুলে ধরেন আসিফ নজরুল। তিনি বলেন, শেখ হাসিনার শাসনামলে বিএনপির মহাসচিব হিসেবে দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি মির্জা ফখরুল বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন এবং রাজনৈতিক জীবনে ত্যাগ স্বীকার করেছেন।
মির্জা ফখরুলের ব্যক্তিগত ও রাজনৈতিক গুণাবলি উল্লেখ করে আসিফ নজরুল তাকে ব্যক্তিত্বসম্পন্ন, সুশিক্ষিত, সদাচারী ও দক্ষ বক্তা হিসেবে বর্ণনা করেন।
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্তের জন্য বিএনপির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানকেও ধন্যবাদ জানিয়েছেন আসিফ নজরুল। তিনি বলেন, স্পিকার পদে যোগ্য ব্যক্তিকে বসানোর পর রাষ্ট্রপতি পদেও উপযুক্ত ব্যক্তিকে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
অন্যান্য... এর সর্বশেষ খবর