• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ১৫ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২৬, ০৬:৪৫ বিকাল

বিএনপি থেকে মির্জা ফখরুলের পদত্যাগ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পর দলটির মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

এর আগে দলের স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ওই বৈঠকেই রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করা হয়। এরপরই দলের গুরুত্বপূর্ণ পদগুলো থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি।

মির্জা ফখরুল বর্তমানে ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর দায়িত্বে রয়েছেন। স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বুধবার দুপুরে তিনি সচিবালয় থেকে বেরিয়ে যান। বৃহস্পতিবার তার কোনো সরকারি কর্মসূচিও রাখা হয়নি।

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের প্রার্থিতা চূড়ান্ত করতে দলের শীর্ষ পর্যায়ের বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান ও এ জেড এম জাহিদ হোসেনসহ নেতারা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

গত ২৪ জুলাই অসুস্থতার কারণ দেখিয়ে ২২তম রাষ্ট্রপতি মো. সহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য ৬ আগস্ট তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, ২০ আগস্ট জাতীয় সংসদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ইসি সূত্র জানিয়েছে, একই প্রার্থীর পক্ষে দুটি মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সুযোগ রয়েছে। কোনো একটি মনোনয়নপত্রে ত্রুটি থাকলে বিকল্পটি বিবেচনায় নেওয়ার সুযোগ রাখতেই এ ব্যবস্থা।

তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে। একাধিক প্রার্থী থাকলে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ কক্ষে ভোট অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরাই ভোট দেন। বিএনপির সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থীর বিজয়ের সম্ভাবনাই সবচেয়ে বেশি। ফলে মির্জা ফখরুলের নাম ঘোষণার পর থেকেই তাকে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দেখার আলোচনা জোরালো হয়েছে। তবে আনুষ্ঠানিক ফল ঘোষণার পরই বিষয়টি চূড়ান্ত হবে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]